ইয়েমেনে এক সপ্তাহে কলেরায় অন্তত ১১৫ জনের মৃত্যু হয়েছে। কলেরার কারণে রাজধানী সানায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। মধ্যপ্রাচ্যের সবচেয়ে দরিদ্র দেশগুলোর অন্যতম ইয়েমেনে এক বছরের কম সময়ের ব্যবধানে এটি দ্বিতীয়বার কলেরা প্রাদুর্ভাবের ঘটনা।
ইয়েমেনে তীব্র খাদ্যাভাব চলছে। ক্ষুধার্ত মানুষের মধ্যে কলেরা দ্রুত ছড়িয়ে পড়ছে। শিয়া হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত সানার হাসপাতালগুলো কলেরা রোগীদের জায়গা দিয়ে কুলিয়ে উঠতে পারছে না।
আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেডক্রস জানিয়েছে, গত এক সপ্তাহে ইয়েমেনে কলেরা রোগীর সংখ্যা তিনগুণ বেড়ে ৮ হাজার ৫০০ ছাড়িয়ে গেছে।
গত রোববার সানায় এক সংবাদ সম্মেলনে রেডক্রসের কার্যক্রম পরিচালনা বিভাগের প্রধান ডমিনিক স্টিলহার্ট বলেন, ‘গুরুতর প্রাদুর্ভাবের মোকাবিলা করছি আমরা।’ গত ২৭ এপ্রিল থেকে ১৩ মের মধ্যে কলেরায় দেশটিতে ১১৫ জনের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
বিশ্বস্বাস্থ্য সংস্থা জানিয়েছে, সানাতেই কলেরার প্রাদুর্ভাব সবচেয়ে বেশি। এর পরে রয়েছে রাজধানীর পাশের আমানত আল-সামাহ প্রদেশ।
জাতিসংঘ জানিয়েছে, গৃহযুদ্ধে জর্জরিত ইয়েমেনের দুই-তৃতীয়াংশ মানুষ নিরাপদ খাবার পানি পাচ্ছে না।
ইয়েমেনে পুরোপুরি চালু থাকা স্বাস্থ্যকেন্দ্রের সংখ্যা ৪৫ শতাংশেরও কম বলে গত সপ্তাহে জানিয়েছে ডব্লিউএইচও। দেশটিতে গৃহযুদ্ধে ৩০০টি হাসপাতাল ও ক্লিনিক পুরোপুরি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব সংস্থাটি।
শিয়া হুতি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করে প্রেসিডেন্ট আবেদ রাব্বো মানসুর হাদিকে ক্ষমতাচ্যুত করেছে। সৌদি আরবের নেতৃত্বাধীন আরব দেশগুলোর জোট সুন্নি শাসক হাদির পক্ষ নিয়ে হুতিদের বিরুদ্ধে লড়াই করছে। ইরান হুতিদের সমর্থন দিচ্ছে। ২০১৫ সালের মার্চে শুরু হওয়া এ লড়াইয়ে এ পর্যন্ত ৮ হাজারের বেশি লোক নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। হতাহত ব্যক্তিদের অধিকাংশই বেসামরিক।