ইয়েমেনে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি হুতিদের দখলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি দখল করে নিয়েছে শিয়া হুতি বিদ্রোহীরা। মার্কিন সামরিক উপদেষ্টারা ওই ঘাঁটিতে সন্ত্রাসবাদবিরোধী বাহিনীকে প্রশিক্ষণ দিতেন। সরকারি কর্মকর্তারা গত বৃহস্পতিবার এ খবর দিয়েছেন। খবর এপি ও রয়টার্সের।
উত্তর ইয়েমেনের হুতি সম্প্রদায়ের যোদ্ধারা ২২ জানুয়ারি দেশের প্রেসিডেন্ট আবদুরাবুহ মানসুর হাদি ও প্রধানমন্ত্রী খালিদ বাহাহর বাসভবন অবরুদ্ধ করে। এরপর তাঁরা পদত্যাগের ঘোষণা দেন। ওই ঘটনার পর থেকে দৃশ্যত হুতিরাই দেশের সবকিছু নিয়ন্ত্রণ করছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন সরকারি কর্মকর্তা জানান, রাজধানী সানার দক্ষিণে অবস্থিত রিপাবলিকান গার্ডদের সেনাঘাঁটি গত বৃহস্পতিবার দখল করে নেয় হুতি বিদ্রোহীরা। মার্কিন বিশেষজ্ঞরা এটি ২০১২ সাল পর্যন্ত ব্যবহার করেছেন। ঘাঁটিটি ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আিল আবদুল্লাহ সালেহর অনুগত সেনাদের নিয়ন্ত্রণে ছিল।