ইয়েমেনে বোমায় নিহত ৩০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়েমেনের রাজধানী সানায় গতকাল বুধবার একটি পুলিশ কলেজের সামনে আত্মঘাতী গাড়িবোমা হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। পুলিশ বাহিনীতে যোগ দিতে জড়ো হওয়া লোকজনের সারিতে একটি গাড়িবোমার বিস্ফোরণ ঘটানো হয় বলে জানিয়েছে পুলিশ। খবর বিবিসি ও এএফপির।
আশপাশে থাকা লোকজন বলেন, তাঁরা প্রচণ্ড এক বিস্ফোরণের আওয়াজ শুনতে পান। তারপর আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখেন। আলোকচিত্রীদের তোলা ছবিতে গাড়ির খণ্ড-বিখণ্ড অংশ পড়ে থাকতে দেখা যায়। এ ছাড়া অনেক মৃতদেহ রাস্তায় পড়ে থাকতে দেখেছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা।
স্থানীয় সাংবাদিক আরাবায়ি বলেন, একজন আত্মঘাতী বোমা হামলাকারী সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা লোকজনের মাঝে গাড়ি নিয়ে ঢুকে পড়ে। তাঁরা সারা দেশ থেকে পুলিশে যোগ দিতে এসেছিলেন।