ইয়েমেনে মসজিদে আত্মঘাতী বোমা, নিহত অন্তত ১২৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনের রাজধানী সানায় গতকাল শুক্রবার জুমার নামাজের সময় দুটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২৬ জন নিহত ও বহু লোক আহত হয়েছে। অন্তত চার ব্যক্তি ওই হামলা চালায়। খবর বিবিসি ও এএফপির।
ইরাক ও সিরিয়াভিত্তিক কট্টর সুন্নি জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায়িত্ব স্বীকার করেছে। মূলত শিয়া হুতি বিদ্রোহীদের সমর্থকেরা ওই দুটি মসজিদে নামাজ আদায় করেন। হুতিরাই কিছুদিন ধরে রাজধানীর নিয়ন্ত্রণ করছে। আইএস গত
বছরের নভেম্বরে ইয়েমেনে শাখা খুলেছে। টুইটারের একটি অ্যাকাউন্টে এক বিবৃতিতে এ হামলার দায়িত্ব স্বীকার করেছে সংগঠনটি। এ দাবির সত্যতা নিশ্চিত হলে তা হবে ইয়েমেনে আইএসের চালানো প্রথম হামলা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুজন আত্মঘাতী বোমা হামলাকারী সানার দক্ষিণে বদর মসজিদে হামলা চালায়। একজন মসজিদ ভবনে ঢুকে বেশ কয়েকজন মুসল্লির মধ্যে বোমা ফাটিয়ে দেয়। বেঁচে যাওয়া লোকজন তখন প্রধান ফটক দিয়ে দৌড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। দ্বিতীয় হামলাকারী সেখানেই ওত পেতে ছিল।
আল-জাজিরার খবরে বলা হয়, বিশিষ্ট একজন শিয়া হুতি ইমাম আল-মুর্তাদা বিন জায়েদ আল-মাহাতওয়ারি এ হামলায় নিহত হয়েছেন। তিনি বদর মসজিদের ইমাম ছিলেন।
আরও দুজন হামলাকারী আল-হাশুশ মসজিদে হানা দেয়। এটি রাজধানীর উত্তরে। একজন ফটকে বোমা ফাটায় অন্যজন বোমা বাঁধা অবস্থায় ছুটে ভেতরে ঢুকে পড়ে।