ইয়েমেনে মার্কিন বিমান হামলায় ৪০ 'জঙ্গি' নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের উপকূলবর্তী মুকাল্লা শহরের হাজর এলাকায় ‘আল-কায়দার প্রশিক্ষণ কেন্দ্রে’ মার্কিন বিমান হামলায় কমপক্ষে ৪০ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে। গত মঙ্গলবারের ওই হামলায় হতাহত ব্যক্তিরা আল-কায়েদা ইন দ্য অ্যারাবিয়ান পেনিনসুলার (একিউএপি) সদস্য বলে জানিয়েছেন প্রাদেশিক সরকারের এক কর্মকর্তা।
পেন্টাগনের মুখপাত্র পিটার কুক বলেন, আল-কায়েদার ওই ঘাঁটিতে কমপক্ষে ৭০ জন যোদ্ধা প্রশিক্ষণ নিচ্ছিলেন। তবে পেন্টাগন কর্তৃপক্ষ ঘাঁটির অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়নি। পিটার কুক আরও বলেন, ইয়েমেন থেকে ঘাঁটি ব্যবহার করে একিউএপি সদস্যরা হামলা পরিচালনা করে যুক্তরাষ্ট্রের কর্মীদের নিরাপত্তা-ঝুঁকিতে ঠেলে দিয়েছে। এ ধরনের হামলা একিউএপির সেই সামর্থ্যকে খর্ব করবে।
স্থানীয় উপজাতীয় সদস্যরা বলেছেন, হতাহতদের অধিকাংশ আল-কায়েদার নতুন কর্মী। তাঁরা ঘাঁটিতে প্রশিক্ষণ নিতেন। আরও হামলার আশঙ্কায় একিউএপি সদস্যরা দখলকৃত সরকারি ভবনগুলো ছেড়ে দিয়েছেন।
একিউএপি গত বছরের এপ্রিল থেকে হাদারামাউত প্রদেশ এবং উপকূলবর্তী মুকাল্লা শহর দখল করে রেখেছে। আল-কায়েদার সবচেয়ে তৎপর শাখা একিউএপির অন্যতম শক্তির কেন্দ্র ইয়েমেন। ইয়েমেনে হুতি যোদ্ধাদের ওপর সৌদি আরবের বিমান হামলার সুযোগে দক্ষিণ-পূর্বাঞ্চলে ঘাঁটি গেড়ে বসছে একিউএপি।
গত বছরের মার্চ থেকে সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক অভিযানে ইয়েমেনে কমপক্ষে ছয় হাজার লোক মারা গেছে। ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয় একিউএপি। তখন যুক্তরাষ্ট্রগামী একটি বিমানে বোমা হামলার চেষ্টা করেছিল তারা। এ ছাড়া গেল বছর প্যারিসে ব্যঙ্গ ম্যাগাজিন শার্লি এবদো কার্যালয়ে চালানো জঙ্গি হামলার দায় স্বীকার করে আল-কায়েদার এ শাখাটি।