ইয়েমেনে যুদ্ধাপরাধ করছে সৌদি জোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলার ঘটনাকে গতকাল মঙ্গলবার যুদ্ধাপরাধ বলে আখ্যায়িত করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংগঠনটি বলেছে, গত দুই মাসে তাদের বিমান হামলায় ২৬ শিশুসহ ৩৯ জন প্রাণ হারিয়েছে।

এইচআরডব্লিউ বলেছে, এই দুই মাসে ইচ্ছাকৃত বা বেপরোয়াভাবে চালানো পাঁচটি বিমান হামলায় চারটি পরিবারের বসতবাড়ি ও একটি মুদি দোকানে গোলা আঘাত হেনেছে। তাতে নিরপরাধ যেসব মানুষের প্রাণহানি ঘটেছে, তা যুদ্ধ-সংক্রান্ত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

তবে সৌদি জোট বারবারই তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, তাদের হামলা ইয়েমেনের সশস্ত্র হুতি বিদ্রোহীদের লক্ষ করে পরিচালিত হচ্ছে। কোনো বেসামরিক লোক এ হামলার লক্ষ্যবস্তু নয়। ইয়েমেনে চলমান গৃহযুদ্ধের দুটি পক্ষ হলো আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত দেশটির সরকার ও হুতি বিদ্রোহী। সরকারকে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য-সমর্থিত আন্তর্জাতিক জোট। শিয়া বিদ্রোহী গোষ্ঠী হুতিদের সমর্থন দিচ্ছে ইরান। বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানাসহ দেশটির উত্তরাঞ্চলের অধিকাংশ এলাকা নিজেদের দখলে রেখেছে। তাদের কাছ থেকে এসব এলাকা পুনর্দখলের চেষ্টা চালাচ্ছে সরকারি বাহিনী।

এইচআরডব্লিউর মধ্যপ্রাচ্যবিষয়ক পরিচালক সারাহ লি হুইটসন এক বিবৃতিতে বলেছেন, ‘সৌদি আরব আইনসম্মতভাবে বিমান হামলা চালানোর বারবার প্রতিশ্রুতি দিলেও তাদের বেআইনি হামলা থেকে ইয়েমেনের শিশুরাও বাদ পড়ছে না।’ তিনি বলেন, সশস্ত্র সংঘাতে এই শিশুদের মানবাধিকার লঙ্ঘন করার জন্য অনতিবিলম্বে জাতিসংঘের পদক্ষেপ গ্রহণ জরুরি।

গত ৪ আগস্ট সা’দা এলাকায় সৌদির নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় একটি পরিবারের নয় সদস্য নিহত হয়; যাদের মধ্যে ৩ থেকে ১২ বছর বয়সী শিশুই ছয়জন। এর আগে ৩ জুলাই তেইজ প্রদেশে আরেক বিমান হামলায় প্রাণ হারায় একই পরিবারের আট সদস্য। তাদের মধ্যে ছিল আট বছরের এক শিশু। এইচআরডব্লিউ বলেছে, গত ৯ জুন থেকে ৪ আগস্ট পর্যন্ত চালানো বিমান হামলাগুলো সম্পর্কে তারা বিভিন্ন পরিবারের নয়জন সদস্য ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার নিয়েছে। তাঁরা বলেছেন, এসব হামলা এমন সব স্থানে চালানো হয়েছে, যার ধারেকাছে কোনো সামরিক লক্ষ্যবস্তু ছিল না।

এইচআরডব্লিউ সম্প্রতি তাদের এক বৈঠক থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি ইয়েমেনে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় আন্তর্জাতিক তদন্ত শুরুর আহ্বান জানিয়েছে।