ইয়েমেনে সৌদি জোটের স্থলসেনা মোতায়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনে শিয়া হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করতে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট দেশটির এডেন শহরে গতকাল রোববার ‘সীমিত’ পরিসরে সেনা পাঠিয়েছে। সৌদি আরবের নেতৃত্বাধীন অভিযানে এটাই ইয়েমেনে স্থলসেনা মোতায়েনের প্রথম ঘটনা। খবর এএফপির।
সৌদি জোটের একজন মুখপাত্র ইয়েমেনে বিপুলসংখ্যায় স্থলসেনা মোতায়েনের বিষয়টি অস্বীকার করেছেন। জোটের ‘চলমান অভিযান’ বিষয়ে কোনো কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছেন ওই মুখপাত্র।
ইয়েমেন সরকার ও মিলিশিয়া বাহিনী বলছে, এডেনে সৌদি জোটের কয়েক ডজন সেনা মোতায়েন করা হয়েছে। বিভিন্ন সূত্র বলছে, ইয়েমেনের আন্তর্জাতিক বিমানবন্দরে লড়াইয়ে সহযোগিতা দিচ্ছে তারা। বার্তা সংস্থা এএফপির প্রত্যক্ষদর্শী একজন সাংবাদিক জানান, বিমানবন্দরে সামরিক পোশাক পরা আধুনিক অস্ত্রে সজ্জিত সেনাসদস্যদের টহল দিতে দেখা গেছে।
ইয়েমেন সরকারের একজন মুখপাত্র নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে জানান, সীমিত পরিসরে জোটের সেনা এডেনে মোতায়েন করা হয়েছে। আরও কিছু সেনা আসছে।
গুচ্ছবোমা ফেলার অভিযোগ: হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট গুচ্ছবোমা ফেলছে বলে অভিযোগ করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। গতকাল সংস্থাটি বলেছে, যুক্তরাষ্ট্রের সরবরাহ করা ওই বোমায় ইয়েমেনের বেসামরিক মানুষের দীর্ঘমেয়াদি বিপদ হতে পারে।
বিশ্বজুড়ে ব্যাপকভাবে নিষিদ্ধ সামরিক উপকরণ গুচ্ছবোমায় একসঙ্গে বেশ কয়েকটি বোমা থাকে। ছড়িয়ে পড়ার পর এগুলো কখনো কখনো অবিস্ফোরিত থেকে যায়। তখন এই বোমা কার্যত ভূমি মাইনে পরিণত হয়। নিক্ষেপ করার অনেক পরেও এগুলো বিস্ফোরিত হয়ে লোকজনের মৃত্যু ঘটাতে পারে।