ইয়েমেনে হুতিদের সঙ্গে সরকারপন্থীদের লড়াই, নিহত ২১
ইয়েমেনের এডেন বন্দর এলাকার একটি তেল শোধনাগারে হুতি বাহিনীর হামলা এবং তাইজ শহরের রাস্তায় হুতি বাহিনীর সঙ্গে প্রেসিডেন্ট মনসুর হাদির সমর্থকদের লড়াইয়ে গতকাল রোববার অন্তত ২১ জন নিহত হয়েছে। খবর আল-জাজিরার।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, এডেনের বুরাকিয়া এলাকার তেল শোধনাগারে হুতি বাহিনীর হামলায় ১৪ জন নিহত হয়। সেখানে মজুত ট্যাংকগুলোর ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে বিস্ফোরণে আগুন ধরে যায়। আশপাশে ছড়িয়ে পড়ে কালো ধোঁয়া।
এডেন বন্দর এবং ওই তেল শোধনাগার সরকারপন্থী যোদ্ধাদের নিয়ন্ত্রণে রয়েছে। তবে তাদের সঙ্গে গত কয়েক দিনে হুতি বাহিনীর ব্যাপক লড়াই হয়েছে। আর উত্তরাঞ্চলীয় তাইজ শহরের মাউন্ট জারা এলাকায় সর্বশেষ লড়াইয়ে অন্তত সাতজন হুতি যোদ্ধা প্রাণ হারিয়েছে। আহত হয়েছে ১৬ জন। ইরান-সমর্থিত হুতি বাহিনী স্থানীয় আবাসিক এলাকাগুলোয় ট্যাংক ও কামানযোগে হামলা চালায়।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত শনিবার জানায়, ইয়েমেনের জিয়ান প্রদেশে সৌদি সীমান্ত এলাকায় হুতি বাহিনীর গোলাবর্ষণে সৌদি আরবের এক সেনা নিহত ও আরেকজন আহত হয়েছে।
ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদির সরকারের একজন কর্মকর্তা এএফপিকে বলেন, হুতি বাহিনী কাতারের একটি নৌযান লক্ষ্য করে হামলা চালিয়েছে। এটি জিবুতি থেকে ইয়েমেনে খাবার সরবরাহের কাজে নিয়োজিত ছিল। হামলার পর নৌযানটি আবার ফিরিয়ে নেওয়া হয়।
রাজধানী সানাসহ বড় শহরগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে শিয়াপন্থী হুতি বাহিনী। তারা ইয়েমেনের সরকারের বিরুদ্ধে কয়েক মাস ধরে লড়াই করছে। সুন্নি অধ্যুষিত দেশ সৌদি আরবসহ আরব জোট বাহিনী হাদিকে ইয়েমেনের ক্ষমতায় পুনর্বহাল করার লক্ষ্যে হুতি বাহিনীর বিরুদ্ধে বিমান হামলা অব্যাহত রেখেছে।