ইয়েমেনে হুতিদের হামলায় নিহত ৫৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়েমেনের সেনারা গত সপ্তাহে এডেনের বিমানবন্দরসহ অধিকাংশ এলাকা পুনরায় দখলে নিয়েছে। ছবি: এএফপি
ইয়েমেনের সেনারা গত সপ্তাহে এডেনের বিমানবন্দরসহ অধিকাংশ এলাকা পুনরায় দখলে নিয়েছে। ছবি: এএফপি

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় এডেন নগরে গতকাল রোববার শিয়া হুতি বিদ্রোহীদের ছোড়া শেলে কমপক্ষে ৫৭ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে দুই শতাধিক মানুষ। দেশটির এক স্বাস্থ্য কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, ইয়েমেনের নির্বাসিত সরকার বন্দর নগরটিকে ‘স্বাধীন’ ঘোষণা করার তিন দিন পর সেখানে এই হামলার ঘটনা ঘটল।
সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলার সহায়তায় দেশটির সরকারপন্থী বাহিনী গত সপ্তাহে বন্দর নগর এডেনের বিমানবন্দরসহ অধিকাংশ এলাকা পুনরায় দখলে নিয়েছে। এখনো কয়েকটি জেলায় প্রতিরোধ অব্যাহত রেখেছে ইরান-সমর্থিত হুতিরা। পুরো নগরের নিয়ন্ত্রণ নিতে সরকার-সমর্থক বাহিনী জোরালো চেষ্টা চালাচ্ছে।
স্থানীয় স্বাস্থ্যপ্রধান আল-কাদের লাসওয়ার বলেন, বন্দর নগরের উত্তরে দার সাদ জেলার পার্শ্ববর্তী এলাকায় চালানো ওই হামলায় মৃতের সংখ্যা ৪৩ থেকে বেড়ে ৫৭ জনে পৌঁছেছে। নিহত ব্যক্তিদের মধ্যে ১২ জন শিশু ও ছয়জন নারী রয়েছে। এ ঘটনায় নারী-শিশুসহ ২১৫ জনের বেশি মানুষ আহত হয়েছে।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, হামলার কথা অস্বীকার করেছেন একজন হুতি নেতা। তবে ইয়েমেনের চিকিৎসা কর্মকর্তারা বলছেন, হুতিরাই হামলা চালিয়েছে।
ইয়েমেনে গত প্রায় চার মাস ধরে চলা সংঘাতে সাড়ে তিন হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে।