মধ্যপ্রাচ্যের সুন্নিপ্রধান দেশ ইয়েমেনে শিয়াপন্থী হুথি যোদ্ধাদের উত্থানে সেখানে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন সুন্নিপন্থী আল-কায়েদার প্রতি সমর্থন বাড়ছে। পর্যবেক্ষকদের আশঙ্কা, সাম্প্রদায়িক সংঘাত জোরদার হওয়ার প্রেক্ষাপটে দেশটি হয়তো ক্রমেই গৃহযুদ্ধের দিকে যাচ্ছে। ইয়েমেন সংকটের সম্ভাব্য তাৎপর্য সীমানা ছাড়িয়ে আশপাশের দেশগুলোতেও ছড়িয়ে পড়তে পারে।
ইয়েমেনের উত্তরাঞ্চলভিত্তিক সংখ্যালঘু জাইদি সম্প্রদায়ের অংশ হুথি সম্প্রদায়ের মানুষ জ্বালানির দামে ভর্তুকি কমানোর প্রতিবাদে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করে আসছিল। কয়েক সপ্তাহের বিক্ষোভের মাথায় হুথি বিদ্রোহীদের হাতে গত ২১ সেপ্টেম্বর দ্রুততার সঙ্গে রাজধানী সানার পতন হয়। এরপর দেশটিতে উপজাতিগত, আঞ্চলিক ও রাজনৈতিক বিভাজন আরও বেড়েছে।
হুথিদের রাজধানী ছাড়ার দাবিতে আন্দোলনে নামা স্থানীয় বাসিন্দা সুন্নি মুসলিম বাশাম আল-বারাক বলেন, ‘হুথির উত্থান সাম্প্রদায়িক সমস্যা তৈরি করেছে। এটা আল-কায়েদার প্রতি সহানুভূতি বাড়াচ্ছে, যেমনটি আমরা দেখতে পাচ্ছি ইব ও আল-বাইদায়।’ ইয়েমেনের মধ্যাঞ্চলে অবস্থিত ইব ও আল-বাইদা প্রদেশের কিছু উপজাতি এরই মধ্যে আল-কায়েদার স্থানীয় শাখা আনসার-আল শরিয়ার সঙ্গে যুক্ত হয়েছে। সেটার প্রতিই ইঙ্গিত করেন বাশাম।
বাশামের সঙ্গে একমত ইয়েমেনের সাবেক কূটনীতিক আহমেদ আল-কালাজ। তিনি নিজেও আল-বাইদা প্রদেশের বাসিন্দা। আহমেদ বলেন, ‘আল-বাইদায় হুথির উত্থান সেখানে আল-কায়েদার জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছে।’
সুন্নি সংখ্যাগরিষ্ঠ আল-বাইদা প্রদেশে এরই মধ্যে আল-কায়েদা ও স্থানীয় সুন্নি উপজাতিগুলোর সম্মিলিত বাহিনী শিয়াপন্থী হুথি যোদ্ধাদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়েছে। স্থানীয় সুন্নি জঙ্গিরা ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) দ্রুত উত্থান থেকেও উৎসাহ নিয়েছে।
মধ্যপ্রাচ্যজুড়েই এখন সাম্প্রদায়িক হানাহানির বিষবাষ্প ছড়িয়ে পড়েছে। আল-কায়েদার প্রতিষ্ঠাতা সৌদি নাগরিক ওসামা বিন লাদেনের পূর্ব পুরুষের আবাসভূমি ইয়েমেনের পরিস্থিতি এমন পর্যায়ে চলে গেছে যে, দেশটি রীতিমতো গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। আঞ্চলিক প্রভাবশালী দেশে সৌদি আরবসহ প্রতিবেশী অন্য দেশগুলোকেও তা অশান্ত করে তুলতে পারে।
২০১২ সালে ‘আরব বসন্ত’ নামে পরিচিত বিপ্লব প্রতিরোধের লক্ষ্যে তৎকালীন প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহর পদত্যাগ করার মধ্য দিয়ে যে সংকটের শুরু, তা থেকে আজও বেরিয়ে আসতে পারেনি ইয়েমেন। সালেহ সুন্নি মতবাদ অনুসরণ করলেও প্রকৃতপক্ষে তিনি জাইদি সম্প্রদায়ের সদস্য, যে সম্প্রদায়ের অংশ হুথিরাও। ২১ সেপ্টেম্বর সানা দখলে হুথিদের প্রতি সালেহর কৌশলগত সমর্থন ছিল বলে মনে করা হয়ে থাকে।
ইয়েমেনের ইতিহাসবিদ ও রাজনৈতিক ভাষ্যকার আবদেলবারি তাহের বলেন, ‘ইয়েমেন যে ধরনের সুস্পষ্ট ও সহিংস আন্দোলন দেখছে, তা নজিরবিহীন। এটা ঘটছে রাষ্ট্রের অস্থিতিশীল অবস্থা, একটি যথাযথ কর্তৃপক্ষ না থাকা এবং সেনাবাহিনীর মধ্যে বিভাজনের কারণে। এসব কারণে রাষ্ট্রের চেয়েও সশস্ত্র মিলিশিয়ারা শক্তিশালী হয়ে উঠেছে।’