ইয়েমেনের আরও একটি শহর বিদ্রোহীদের দখলে
ইয়েমেনের শিয়া হুথি গোষ্ঠীর যোদ্ধারা আরও একটি শহর দখল করেছে। স্থানীয় উপজাতীয় যোদ্ধাদের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর গত বুধবার ইব প্রদেশের কৌশলগত রাদমাহ শহরের নিয়ন্ত্রণ নেয় হুথিরা। খবর আল-জাজিরার।
স্থানীয় উপজাতিদের সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, রাদমাহ শহরের দখল নিতে দুই পক্ষের মধ্যে তুমুল লড়াই হয়। এতে উভয় পক্ষের অন্তত নয়জন নিহত হয়েছে। শহরটি কট্টরপন্থী সংগঠন মুসলিম ব্রাদারহুডের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ইসলাহ দলের শক্ত ঘাঁটি।
সানার সঙ্গে সড়কপথে দক্ষিণ ইয়েমেনের যোগাযোগের জন্য রাদমাহ শহরটি বেশ গুরুত্বপূর্ণ। এর পতনের মধ্য দিয়ে ইব প্রদেশের প্রায় পুরোটাই হুথিদের নিয়ন্ত্রণে চলে গেছে। প্রদেশটির উদাইন শহর আল-কায়েদার স্থানীয় প্রভাবশালী শাখা আল-কায়েদা ইন দ্য অ্যারাবিয়ান পেনিনসুলা (একিউএপি) ও উপজাতি সুন্নি মুসলিমদের দখলে রয়েছে।
উত্তর ইয়েমেনের সংখ্যাগরিষ্ঠ শিয়া হুথি বিদ্রোহীরা গত সেপ্টেম্বরে রাজধানী সানার নিয়ন্ত্রণ নেয়। পরে লোহিত সাগরের বন্দরনগর হোদেইদাহ এবং এরপর শিয়া-অধ্যুষিত ধরম শহর ও ইব প্রদেশের দিকে অগ্রসর হয়। গত মাসের শেষের দিকে সরকারের সঙ্গে গোষ্ঠীটির অস্ত্রবিরতি চুক্তি হয়। কিন্তু তাদের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।
রাজধানী সানাসহ দখলকৃত সব এলাকা থেকে যোদ্ধাদের ‘শিগগির প্রত্যাহারের’ বিষয়ে প্রেসিডেন্ট আবেদ-রাব্বুর আহ্বানে সাড়া দেয়নি শিয়া বিদ্রোহীরা। ইয়েমেনি সরকারের অভিযোগ, ইরানের সঙ্গে হুথি বিদ্রোহীদের ঘনিষ্ঠতা রয়েছে।
বুধবার ইয়েমেনের রাজনৈতিক দলগুলো নতুন টেকনোক্র্যাট সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছে। হুথি বিদ্রোহীদের প্রধান দাবির একটি এ ধরনের সরকার গঠন করা।
টানা বিক্ষোভের পর ২০১০ সালের ফেব্রুয়ারিতে ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ ক্ষমতাচ্যুত হন।