ইয়েমেনের সংকট নিরসনে বহুদলীয় সরকার গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনের চলমান রাজনৈতিক সংকট নিরসনে একটি বহুদলীয় ‘টেকনোক্র্যাট’ সরকার গঠন করা হয়েছে। ৩৬ সদস্যের এই মন্ত্রিসভায় শিয়াপন্থী বিদ্রোহী গোষ্ঠী হুথির প্রতিনিধিরাও যোগ দিয়েছেন। যুক্তরাষ্ট্র এ নতুন সরকারকে স্বাগত জানিয়েছে। খবর এএফপি ও বিবিসির।
হুথি বিদ্রোহীরা গত ২১ সেপ্টেম্বর রাজধানী সানা দখল করে নেওয়ার পর যে শান্তিচুক্তি হয়েছিল, তার আওতায় গত শুক্রবার ওই নতুন সরকার গঠন করা হয়। চুক্তির পরও বিদ্রোহীদের সঙ্গে তাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের উত্তেজনা অব্যাহত থাকায় সরকার গঠনে বিলম্ব হলো।
নতুন সরকারে চারজন নারী সদস্য রয়েছেন যার মধ্যে একজন তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। বিদায়ী মন্ত্রিসভার চারজন নতুন করে একই পদ পেয়েছেন। আর তিনজনের মন্ত্রণালয় পরিবর্তন করা হয়েছে। অভিজ্ঞ কূটনীতিক আবদুল্লাহ আল-সাইদী পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। আর চতুর্থ সামরিক অঞ্চলের কমান্ডার জেনারেল মাহমুদ আল-সুবাইহি পেয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ ছাড়া রাজনৈতিক পুলিশের প্রধান জেনারেল জালাল আল-রুইসেন হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
দেশের উত্তরাঞ্চলের সংখ্যালঘু জাইদি সম্প্রদায়ের অংশ হুথি গোষ্ঠী। তারা অধিকতর স্বায়ত্তশাসনের দাবিতে ২০০৪ সাল থেকে আন্দোলন করে আসছিল। গত ২১ সেপ্টেম্বর তারা সানা দখল করার পর প্রেসিডেন্ট আবদরাবুহ মানসুর হাদি একটি ‘টেকনোক্র্যাট’ সরকার গঠন এবং তাতে হুথি বিদ্রোহীদের প্রতিনিধিত্ব রাখতে সম্মত হন। একই দিন পদত্যাগ করেন প্রধানমন্ত্রী সালিম বসিন্দা।
১৩ অক্টোবর খালিদ বাহাহকে সম্ভাব্য নতুন সরকারের প্রধানমন্ত্রী মনোনীত করা হয়। এরপর ইয়েমেনে জাতিসংঘের মধ্যস্থতায় গত ১ নভেম্বর দেশটির রাজনৈতিক পক্ষগুলো টেকনোক্র্যাটদের নিয়ে একটি সরকার গঠনে নতুন চুক্তিতে উপনীত হয়। ওই চুক্তি অনুযায়ী, শিয়াপন্থী হুথি বিদ্রোহীদের পাশাপাশি তাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী সুন্নিপন্থী আল-ইসলা (সংস্কার) দলও প্রেসিডেন্ট আবদরাবুহ মানসুর হাদিকে একটি নতুন সরকার গঠনের জন্য সমর্থন দেয়। সে অনুযায়ীই শুক্রবারের মন্ত্রিসভা গঠিত হলো।
শুক্রবারের এ পদক্ষেপের পর ইয়েমেনে স্থিতিশীলতা ফিরে আসবে বলে মনে করা হচ্ছে। নতুন সরকারকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র।