ইয়েমেনের হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সৌদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেন থেকে সেখানকার বিদ্রোহীদের ছোড়া একটি স্কাড ক্ষেপণাস্ত্র সৌদি আরব আকাশেই ধ্বংস করে দিয়েছে। সৌদি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, রিয়াদের নেতৃত্বাধীন সন্ত্রাসবিরোধী জোটের কর্মকর্তারা এ খবর নিশ্চিত করেছেন। ইয়েমেনের বিদ্রোহীরাও ক্ষেপণাস্ত্র ছোড়ার কথা স্বীকার করেছে। খবর এএফপির।
সৌদি কর্মকর্তারা বলেছেন, স্থানীয় সময় শনিবার রাত পৌনে ১০টার দিকে সীমান্ত থেকে ১০০ কিলোমিটার দূরে ইয়েমেন ভূখণ্ড থেকে একটি স্কাড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এই নিয়ে তৃতীয়বারের মতো সৌদি আরব ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি করল।
শনিবারের ঘটনা বিষয়ে কর্মকর্তাদের ভাষ্য, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইরানের মদদ নিয়ে এটি ছুড়ে মারে। তবে আঘাত হানার আগেই সৌদি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সেটিকে ধ্বংস করে ফেলে।
হুতি বিদ্রোহীরা তাদের ওয়েবসাইটে বলেছে, সৌদির দক্ষিণাঞ্চলীয় আভা বিমানবন্দরকে নিশানা করে স্কাড ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছিল। সৌদি আরব ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করার দাবি জানালেও হুতি বিদ্রোহীদের দাবি, সেটি নির্ভুলভাবে নিশানায় আঘাত হেনেছে।
ইয়েমেনে ক্ষমতাসীন সুন্নি সরকার উৎখাতে দেশটির শিয়া হুতিরা সশস্ত্র বিদ্রোহ ঘোষণা করেছে। তাদের সব ধরনের সহায়তা করছে ইরান।