ঈদের দিনে তিন দেশে জঙ্গিদের নৃশংসতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়েছে গত শক্রবার। দেশটিতে সেদিন তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রির ওপর। অসহ্য গরমে হাঁসফাঁস করছিল মানুষ। এর মধ্যে সন্ধ্যার আগে আগে এক বাজারে একটি ট্রাকে করে বরফ নিয়ে আসে এক বিক্রেতা। নামমাত্র দামে বরফ বিক্রির ঘোষণা দিয়ে ওই ব্যক্তি জড়ো করে মানুষ। গরমে আরাম পেতে শিশুসহ কয়েক শ মানুষ বরফ সংগ্রহ করতে ওই ট্রাকের কাছে যায়। একপর্যায়ে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

রাজধানী বাগদাদ থেকে ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে দিয়ালা প্রদেশের খান বনি সাদ শহরে অভিনব কায়দায় ওই হামলায় নিহত হয় শিশুসহ অন্তত ১২০ জন। আহত হয় আরও অন্তত ১৪০ জন। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে।

এ ছাড়া ঈদের দিনে নাইজেরিয়া জঙ্গিদের হামলায় ১৩ জন নিহত হন। আর সৌদি আরবে ওই দিন আত্মঘাতী জঙ্গি হামলায় নিহত হন দুই পুলিশ সদস্য। খবর এএফপি ও সিএনএন।

পুলিশ জানায়, ইরাকের খান বনি সাদ শহরে বিস্ফোরণের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলের আশপাশের বেশ কয়েকটি ভবন ধসে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হয়, ট্রাকটিতে অন্তত দুই টন বিস্ফোরক ছিল। তবে হামলার দায় স্বীকার করে কট্টর সুন্নি জঙ্গিগোষ্ঠী আইএসের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ট্রাকে তিন টন বিস্ফোরক ছিল।

ঈদের দিন সকালে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের দামাতুরু শহরে পরপর তিনটি আত্মঘাতী হামলা হয়। এর মধ্যে দুটি হামলা হয় ঈদগাহের কাছে। লোকজন তখন ঈদের নামাজ আদায়ের প্রস্তুতি নিচ্ছিলেন। ওই দুই বিস্ফোরণে দুজন নিহত হন। এর কিছুক্ষণ পর ওই এলাকারই একটি মসজিদের বাইরে বিস্ফোরণে ১১ জন নিহত হন। তিনটি হামলাই চালায় আত্মঘাতী নারী জঙ্গিরা। দেশটির জঙ্গিগোষ্ঠী বোকো হারাম ওই হামলার সঙ্গে জড়িত বলে জানায় কর্তৃপক্ষ।

এ ছাড়া ঈদের দিন সৌদি আরবের রাজধানী রিয়াদে পুলিশের একটি তল্লাশি চৌকিতে আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। এতে হামলাকারীসহ দুই পুলিশ সদস্য নিহত হন।

তুরস্কে আত্মঘাতী হামলা: সিরিয়া সীমান্তবর্তী তুরস্কের সুরুস শহরে গতকাল সোমবার এক আত্মঘাতী হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছে। দেশটির একজন কর্মকর্তা বলেন, ‘এই হামলার পেছনে যে আইএস জড়িত, এমনটা মনে করার জোরালো কারণ আছে। কারণ, সুরুস শহরের ওই হামলার পরপরই সীমান্তের ওপারে সিরিয়ার কোবানে এলাকায় আত্মঘাতী গাড়িবোমা হামলার ঘটনা ঘটেছে।’