উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র এই প্রথম জাপানি জলসীমায়
উত্তর কোরিয়ার নিক্ষিপ্ত একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র গতকাল বুধবার প্রায় এক হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করে জাপানের জলসীমার ভেতরে বা কাছাকাছি পৌঁছেছে। কমিউনিস্ট দেশটির কোনো ক্ষেপণাস্ত্র এই প্রথম জাপানের জলসীমায় পৌঁছল। প্রতিবেশী জাপান ও দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষ এ তথ্য জানায়। এ ঘটনাকে ‘চরম হুমকি’ বলে আখ্যায়িত করেছে জাপান। এ হামলার নিন্দা জানিয়েছে দেশটির মিত্র যুক্তরাষ্ট্র।
জাপানের এক প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, ক্ষেপণাস্ত্রটির মূল অংশ জাতিসংঘ নির্ধারিত জাপানের সমুদ্রসীমায় পড়ে।
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের এ ঘটনাকে জাপানের জন্য চরম হুমকি বলে আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রী শিনজো আবে। তিনি বলেন, টোকিও এর কড়া প্রতিবাদ জানায়। জাপানের পক্ষ থেকে বলা হয়, আরও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের আশঙ্কায় তাদের সেনাবাহিনী সতর্ক অবস্থায় থাকবে।
ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, উত্তর কোরিয়ার পদক্ষেপের পাল্টা জবাবে যুক্তরাষ্ট্র কেবল আন্তর্জাতিক সমাধানের ওপরই জোর দেবে।