উ. কোরিয়ার বিরুদ্ধে জাপানের অবরোধ
উত্তর কোরিয়ার সাম্প্রতিক রকেট উৎক্ষেপণের ঘটনার জবাবে দেশটির বিরুদ্ধে নতুন করে অবরোধ আরোপের কথা ঘোষণা করেছে জাপান। অবরোধের আওতায় দেশটির সঙ্গে জাপানের জাহাজ পরিবহন বন্ধ থাকবে। এ ছাড়া পিয়ংইয়ংয়ের কোনো নাগরিক জাপানে ঢুকতে পারবেন না।
জাপানের এ পদক্ষেপের বাইরে উত্তর কোরিয়ায় যৌথভাবে পরিচালিত গুরুত্বপূর্ণ একটি শিল্পপার্কের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার কথা জানিয়েছে দক্ষিণ কোরিয়া। খবর এএফপি ও বিবিসির।
উত্তর কোরিয়ার রকেট উৎক্ষেপণের ঘটনায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ তীব্র নিন্দা জানানোর পর জাপান অবরোধ আরোপের ওই ঘোষণা দিল। নিন্দা জানানোর পাশাপাশি পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে নতুন করে অবরোধ আরোপে দ্রুত ব্যবস্থা নেওয়ার বিষয়েও সম্মত হয় নিরাপত্তা পরিষদ।
প্রথমবারের মতো সফল হাইড্রোজেন বোমা পরীক্ষার এক মাস পর উত্তর কোরিয়া গত রোববার শক্তিশালী দূরপাল্লার রকেট উৎক্ষেপণ করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর বের হয়। তবে দেশটির দাবি, সফলভাবে পৃথিবীর কক্ষপথে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেছে তারা।
নতুন অবরোধ আরোপ করা প্রসঙ্গে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে সাংবাদিকদের বলেন, ‘আমরা কঠিন অবরোধমূলক পদক্ষেপ আরোপের সিদ্ধান্ত নিয়েছি।’ অতীতে উত্তর কোরিয়ার চালানো পরমাণু ও ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর দেশটির বিরুদ্ধে জাপান যেসব অবরোধ আরোপ করে নতুন পদক্ষেপ সেগুলোর অতিরিক্ত।
এক সরকারি সূত্র জানায়, সাম্প্রতিকতম পদক্ষেপের অধীন মানবিক তৎপরতায় নিয়োজিত জাহাজসহ উত্তর কোরিয়ার কোনো নৌযান জাপানের বন্দরে ঢুকতে পারবে না।