উ. কোরিয়ার ভিসামুক্ত প্রবেশ বাতিল করবে মালয়েশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরীয়দের জন্য মালয়েশিয়ায় ভিসামুক্ত প্রবেশ বন্ধ করে দেওয়া হবে। ৬ মার্চ থেকে তা কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। কুয়ালালামপুর এয়ারপোর্টে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং-উংয়ের সৎভাই কিম জং-নাম হত্যার ঘটনায় দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েনের মধ্যে এ ঘোষণা এসেছে। আজ বৃহস্পতিবার মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামাকে উদ্ধৃত করে রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

খবরে জানানো হয়, মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি জানিয়েছেন, নিরাপত্তার স্বার্থে মালয়েশিয়ায় প্রবেশের আগে উত্তর কোরিয়ার নাগরিকদের ভিসা নিতে হবে।

মালয়েশিয়া হচ্ছে অল্প কয়েকটি দেশের একটি, যেখানে উত্তর কোরীয়রা বিনা ভিসায় যেতে পারতেন। কুয়ালালামপুর এয়ারপোর্টে বিষাক্ত ইনজেকশন প্রয়োগে কিম জং-নাম হত্যার দুই সপ্তাহ পর মালয়েশিয়ার এই নতুন সিদ্ধান্ত এসেছে। এ ঘটনার পর মালয়েশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র দাবি করেছে, উত্তর কোরিয়াই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

উত্তর কোরিয়া কিম জং-নামের লাশের ময়নাতদন্ত না করা এবং এ হত্যায় জড়িত থাকার অভিযোগে আটক তিন সন্দেহভাজনকে মুক্ত করে দিতে মালয়েশিয়াকে বোঝানোর চেষ্টা করে।

এসব দাবিদাওয়া নিয়ে গত মঙ্গলবার উত্তর কোরিয়ার উচ্চপর্যায়ের কূটনৈতিক প্রতিনিধিদল কুয়ালালামপুর পৌঁছায় এবং মালয়েশিয়ার মন্ত্রিপরিষদের সঙ্গে বৈঠক করে। তবে মালয়েশিয়া দেশটির নিজস্ব আইন অনুসরণ করবে বলে জোর দিয়েছে এবং কিম জং-নামের মরদেহ উত্তর কোরীয় দূতাবাসের কাছে হস্তান্তরের অনুরোধ প্রত্যাখ্যান করেছে।