উ. কোরীয় ক্ষেপণাস্ত্র মার্কিন স্বার্থে আঘাতে সক্ষম: কিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিম জং-উন
কিম জং-উন

উত্তর কোরিয়ার সাম্প্রতিক সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষায় প্রমাণিত হয়েছে, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন স্বার্থে আঘাত হানতে তাদের নিশ্চিত সক্ষমতা রয়েছে। গতকাল বুধবার দেশটির নেতা কিম জং-উন এই দাবি করেন। এর আগে উত্তর কোরিয়া মাঝারি পাল্লার ওই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল হয়েছে বলে দাবি করে। এ ব্যাপারে সাড়া দিতে গতকাল রাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠক বসে।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএর প্রতিবেদনে জানানো হয়, কিম উনের দাবি, উত্তর কোরিয়ার আগাম পারমাণবিক হামলার সক্ষমতা বাড়াতে এটি তাৎপর্যপূর্ণভাবে অবদান রাখবে। মাঝারি পাল্লার মুসুদান ক্ষেপণাস্ত্রের পরীক্ষা কিম জং-উন নিজে উপস্থিত থেকে পর্যবেক্ষণ করেন। এটিকে তিনি ‘বিশাল ঘটনা’ বলে উল্লেখ করেন।
কিমের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, প্রশান্ত মহাসাগরীয় পরিচালন মঞ্চে মার্কিনিদের ওপর বাস্তবানুগভাবে সর্বাত্মক হামলা চালানোর বিষয়ে আমাদের নিশ্চিত সক্ষমতা রয়েছে।
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া জানিয়েছে, পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা দুটি ক্ষেপণাস্ত্রের মধ্যে প্রথমটি সফল হয়নি। এটি ১৫০ কিলোমিটার দূরত্ব অতিক্রম পেরিয়ে সাগরে গিয়ে পড়ে। দুই ঘণ্টা পর উৎক্ষেপণ করা দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এক হাজার কিলোমিটার উঁচুতে ওঠে এবং ৪০০ কিলোমিটার দূরত্ব পার হয়। উত্তর কোরিয়া সাম্প্রতিক মাসগুলোতে চারটি ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ব্যর্থ হয়েছে।