উ. কোরীয় নাগরিক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিম জং-নাম
কিম জং-নাম

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সৎভাই কিম জং-নাম হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দেশটির এক নাগরিককে মালয়েশিয়ায় গ্রেপ্তার করা হয়েছে। দেশটির পুলিশ গতকাল শনিবার এ খবর দিয়েছে। জং-নামের লাশ নিয়েও কুয়ালালামপুর ও পিয়ংইয়ংয়ের বিরোধ তুঙ্গে উঠেছে।
গ্রেপ্তার উত্তর কোরীয় ব্যক্তির নাম রি জং চল। জং-নাম হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মালয়েশিয়ার পুলিশ ইতিমধ্যে ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার দুই নারী এবং মালয়েশিয়ার এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
জং-নামের মরদেহ কুয়ালালামপুরের একটি মর্গে রাখা হয়। সেখানকার বিমানবন্দরে গত সোমবার তাঁকে গুপ্তঘাতকেরা বিষপ্রয়োগে হত্যা করে। লাশ ফেরত দেওয়ার আগে আত্মীয়-পরিজনের ডিএনএর নমুনা চেয়েছে মালয়েশিয়া। তবে উত্তর কোরিয়ার অভিযোগ, তাদের শত্রুদের সঙ্গে মিলে কুয়ালালামপুরের কর্তৃপক্ষ ষড়যন্ত্রে মেতেছে।
কুয়ালালামপুরে নিযুক্ত উত্তর কোরীয় রাষ্ট্রদূত কাং চল শুক্রবার রাতে বলেন, ‘মালয়েশিয়া আমাদের অনুমতি ও উপস্থিতি ছাড়াই ময়নাতদন্তের জন্য জোর করছে। আমরা এই প্রক্রিয়ার ফলাফল প্রত্যাখ্যান করব। কারণ, এটা একতরফা এবং আমাদের বাদ দিয়ে সম্পন্ন করা হয়েছে।’
জং-নাম হত্যার ঘটনায় উত্তর কোরিয়ার এটিই প্রথম আনুষ্ঠানিক মন্তব্য। মালয়েশিয়ার পুলিশপ্রধান তান স্রি খালিদ আবু বকর গতকাল বলেছেন, হত্যাকাণ্ডের তদন্ত শেষ হওয়ার আগ পর্যন্ত পিয়ংইয়ংকে অপেক্ষা করতে হবে।