উ. কোরিয়া সফরে যাচ্ছেন বান কি মুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান কি মুন
বান কি মুন

জাতিসংঘের মহাসচিব বান কি মুন চলতি সপ্তাহে উত্তর কোরিয়া সফরে যাবেন। জাতিসংঘের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহ্যাপ এ কথা জানিয়েছে। তবে জাতিসংঘ এ ব্যাপারে মন্তব্য করেনি। খবর বিবিসির।
বান কি মুনের উত্তর কোরিয়া সফরে যাওয়ার খবর যদি সত্যি হয়, তবে এটা হবে দুই দশকেরও বেশি সময়ের মধ্যে জাতিসংঘের কোনো মহাসচিবের প্রথম উত্তর কোরিয়া সফর। গত মে মাসেই বান কি মুনের উত্তর কোরিয়া সফরে যাওয়ার কথা ছিল। নির্ধারিত দিনের এক দিন আগে আকস্মিকভাবে ওই সফর বাতিল করে উত্তর কোরিয়া।
আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান উপেক্ষা করে পারমাণবিক পরীক্ষা চালানোর অভিযোগে জাতিসংঘ, ইইউ ও যুক্তরাষ্ট্রের কঠোর অবরোধ রয়েছে উত্তর কোরিয়ার ওপর।
ইয়োনহ্যাপের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়া সফরকালে বান কি মুন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করবেন। প্রতিবেদনে চলতি সপ্তাহে বান কি মুনের এই সফরে যাওয়ার কথা বললেও সুনির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করা হয়নি।
এই সফরে গেলে বান কি মুন হবেন জাতিসংঘের প্রধান হিসেবে উত্তর কোরিয়ায় সফরে যাওয়া তৃতীয় ব্যক্তি। বান কি মুন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। ১৯৫০ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত চলা যুদ্ধে উত্তর ও দক্ষিণে বিভক্ত হয়ে পড়ে কোরিয়া উপদ্বীপ।