উ. কোরিয়া নিজেই ক্ষেপণাস্ত্র ইঞ্জিন তৈরিতে সক্ষম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজস্ব ক্ষেপণাস্ত্র ইঞ্জিন তৈরিতে উত্তর কোরিয়ার সম্ভবত নিজেরই সক্ষমতা রয়েছে। গোয়েন্দা তথ্যে ইঙ্গিত পাওয়া যায়, অন্যের কাছ থেকে তার এই ইঞ্জিন আমদানির প্রয়োজন নেই। মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা গত মঙ্গলবার এমন তথ্য জানিয়েছেন।

মার্কিন কর্মকর্তাদের এই মূল্যায়ন যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিসের (আইআইএসএস) এক নতুন গবেষণামূলক তথ্যকে বিতর্কের মুখে ফেলেছে। প্রতিষ্ঠানটির তথ্যে বলা হয়েছে, উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রে হামলা চালানোর জন্য যে পরমাণু ক্ষেপণাস্ত্র ইঞ্জিন উন্নয়নের কাজ করছে, ওই ইঞ্জিন সম্ভবত ইউক্রেন বা রাশিয়ার কারখানায় তৈরি। আর কালোবাজারি চক্রের হাত ধরে তা সংগ্রহ করে থাকতে পারে দেশটি।

নিউইয়র্ক টাইমস গত সোমবার ওই গবেষণা তথ্যের কথা উল্লেখ করেছে। পত্রিকাটি আরও বলেছে, আইআইএসএসের এই তথ্যের ভিত্তিতে গোপন মূল্যায়নকাজ করেছেন মার্কিন গোয়েন্দারা।

একজন মার্কিন গোয়েন্দা কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘আমাদের কাছে যে গোয়েন্দা তথ্য রয়েছে, সে অনুযায়ী, উত্তর কোরিয়া ওই ইঞ্জিন আমদানির জন্য কারও ওপর নির্ভরশীল নয়। বরং আমরা যেটা দেখেছি, তাতে তারা নিজেরই এটা তৈরিতে সক্ষম।’

তবে এ নিয়ে তিনি বিস্তারিত তথ্য ফাঁস করেননি।

ইতিমধ্যে ইউক্রেন উত্তর কোরিয়াকে কখনো প্রতিরক্ষা প্রযুক্তি সরবরাহ করার কথা অস্বীকার করেছে।