উ. কোরিয়া ফের পারমাণবিক পরীক্ষা চালিয়েছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিউলে এক কর্মকর্তা মানচিত্রে কথিত ভূকম্পনের উৎপত্তি ও পরিধি দেখাচ্ছেন। ছবি: রয়টার্স
সিউলে এক কর্মকর্তা মানচিত্রে কথিত ভূকম্পনের উৎপত্তি ও পরিধি দেখাচ্ছেন। ছবি: রয়টার্স

উত্তর কোরিয়া পঞ্চম পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। আজ শুক্রবার দেশটির পারমাণবিক পরীক্ষাস্থলের কাছে ৫ দশমিক ৩ তীব্রতার ভূকম্পন শনাক্ত করার পর এই সন্দেহ সৃষ্টি হয়েছে। বিবিসি অনলাইন ও বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ সংবাদ সংস্থার ভাষ্য, ওই ভূকম্পনটি কৃত্রিম ছিল।

দক্ষিণ কোরিয়া সরকারের নাম প্রকাশ না করা একটি সূত্র বলছে, উত্তর কোরিয়ার ফের পারমাণবিক পরীক্ষা চালিয়ে থাকতে পারে। তারা তেমনটাই সন্দেহ করছে।

সন্দেহজনক এই ঘটনার পর দক্ষিণ কোরিয়া তাদের জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছে।

যুক্তরাষ্ট্র, চীন ও ইউরোপীয় ভূতাত্ত্বিক সংস্থাগুলো বলছে, তারা ভূ-পৃষ্ঠের উপরিভাগে ভূকম্পন রেকর্ড করেছে।

চীনা ভূমিকম্প নেটওয়ার্কস সেন্টার বলছে, কোনো বিস্ফোরণ থেকে ভূ-কম্পন হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

জাপান সরকারের মুখপাত্রের ভাষ্য, উত্তর কোরিয়া একটি পারমাণবিক পরীক্ষা চালিয়ে থাকতে পারে বলে ভূকম্পন থেকে ইঙ্গিত মেলে। এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিভিন্ন পক্ষ পারমাণবিক পরীক্ষার সন্দেহ করলেও এ বিষয়ে উত্তর কোরিয়া কিছুই নিশ্চিত করেনি।

অতীত সংশ্লিষ্ট এলাকায় প্রায় কাছাকাছি তীব্রতার একাধিক ভূকম্পনের পর দেখা যায়, উত্তর কোরিয়া পারমাণবিক পরীক্ষা চালিয়েছে।

গত ৬ জানুয়ারি চতুর্থ পারমাণবিক বোমার পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এর আগে ২০০৬,২০০৯ ও ২০১৩ সালে তিন দফায় পারমাণবিক অস্ত্রের সফল পরীক্ষা চালায় পিয়ংইয়ং।