উ. কোরিয়াকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা স্থগিত রাখার আহ্বান চীনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চলমান সংকট নিরসনে’ ক্ষেপণাস্ত্র ও পরমাণু পরীক্ষা স্থগিত রাখার জন্য মিত্র উত্তর কোরিয়াকে আহ্বান জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, উত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা বাতিলের পরিবর্তে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া তাদের যৌথ বার্ষিক সামরিক মহড়া স্থগিত করতে পারে। ওই মহড়া উত্তর কোরিয়াকে ক্ষুব্ধ করছে।
উত্তর কোরিয়া গত সোমবার আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ভঙ্গ করে কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়ে, যার তিনটি জাপানের জলসীমায় পড়ে। এর জবাবে দক্ষিণ কোরিয়ায় প্রতিশ্রুত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা ‘থাড’ স্থাপনের কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্র। চলমান এই বিরোধের পরিপ্রেক্ষিতে উত্তর কোরিয়াকে সংযমের এই আহ্বান জানাল চীন।
চীনের পার্লামেন্টের বার্ষিক সভায় পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে মনে হচ্ছে, কোরিয়া উপদ্বীপে দুই দেশ তীব্র গতির ট্রেন, যেগুলো পরস্পরের দিকে ধাবমান এবং কেউ কাউকে ছাড় দিতে নারাজ।’
চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, উভয় পক্ষের সম্মতিতে সামরিক কার্যক্রম স্থগিত রাখাই হবে উত্তেজনা নিরসন এবং ফের আলোচনা শুরু করার প্রথম পদক্ষেপ।
উত্তর কোরিয়া গত সোমবার জাপান সাগরের দিকে চারটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এগুলোর তিনটি প্রায় এক হাজার মাইল দূরে জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের (ইইজেড) জলসীমায় পড়ে। দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে এবং মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘটনাকে উত্তর কোরিয়ার ‘হুমকির নতুন ধাপ’ বলেছেন।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এই হামলার নিন্দা জানিয়েছে। উত্তর কোরিয়ার ব্যাপারে আরও কঠিন পদক্ষেপ নেওয়ার জন্য গতকাল বুধবার নিরাপত্তা পরিষদের আবার বসার কথা ছিল।
উত্তর কোরিয়ার সর্বশেষ পদক্ষেপের জবাবে মিত্র দেশ দক্ষিণ কোরিয়ায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা ‘থাড’ স্থাপনের কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে উদ্বিগ্ন চীন।
চীনকে আশ্বস্ত করার চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মার্ক টোনার বলেন, উত্তর কোরিয়ার উসকানিমূলক আচরণের পরিপ্রেক্ষিতে আঞ্চলিক অংশীদারদের সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। এতে চীনের প্রতি হুমকির কোনো কারণ নেই।