উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ: দ. কোরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ছোড়ার একটি পরীক্ষা ‘ব্যর্থ’ হয়েছে। আজ বুধবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি সম্পর্কে অবগত। এবারের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে ধারণা করা হচ্ছে বলেও জানান ওই মুখপাত্র। অবশ্য তাঁরা এখনো এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার ধরন সম্পর্কে জানতে পারেননি।

জাপানের গণমাধ্যমও নাম প্রকাশ না করা সরকারি কর্মকর্তার বরাত দিয়ে জানায়, এই উৎক্ষেপণ ব্যর্থ হওয়ার বিভিন্ন তথ্য তাদের কাছে রয়েছে।

চলতি মাসের শুরুতে উত্তর কোরিয়া জাপান সাগরের দিকে চারটি ক্ষেপণাস্ত্র ছোড়ে। এগুলোর তিনটি প্রায় এক হাজার মাইল উড়ে গিয়ে সাগরে জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের (ইইজেড) জলসীমায় পড়ে।

দেশটির সর্বশেষ এই ক্ষেপণাস্ত্র পরীক্ষাগুলোকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার চলমান বার্ষিক সামরিক মহড়ার প্রতিক্রিয়া হিসেবে বিবেচনা করছেন পর্যবেক্ষকেরা। এই সামরিক মহড়াকে তাদের ওপর হামলার প্রস্তুতি হিসেবে বিবেচনা করে উত্তর কোরিয়া। সম্প্রতি চলমান ওই বার্ষিক সামরিক মহড়ার জবাবে পিয়ংইয়ং হুমকি দিয়ে বলেছিল, তারা ক্ষেপণাস্ত্র ছুড়বে। সূত্র: এএফপি।