উ. কোরিয়ার নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষার 'প্রস্তুতি'
উত্তর কোরিয়া নতুন রকেট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই দাবি করা হয়েছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, উত্তর কোরিয়া আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরির চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে সম্প্রতি দেশটির নেতা কিম জং-উনের ঘোষণার পর পিয়ংইয়ংয়ের নতুন রকেট পরীক্ষার প্রস্তুতির খবর এল।
পিয়ংইয়ং তার ক্ষেপণাস্ত্র প্রকল্প ও পারমাণবিক অস্ত্র পরীক্ষার জন্য ইতিমধ্যে একাধিকবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা পেয়েছে। তা সত্ত্বেও তারা তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে।
দক্ষিণ কোরিয়ার উচ্চপর্যায়ের কর্মকর্তা এবং দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা ইয়োনহাপ জানায়, মোবাইল উৎক্ষেপকে দুটি নতুন ক্ষেপণাস্ত্র ভরেছে উত্তর কোরিয়া।
দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের এক মুখপাত্র বলেছেন, ইয়োনহাপের প্রতিবেদন যাচাই করা হয়নি।
দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থাটির ভাষ্য, ক্ষেপণাস্ত্র-সম্পর্কিত নতুন তথ্য পিয়ংইয়ং উদ্দেশ্যমূলকভাবে ফাঁস করেছে বলে প্রতীয়মান হয়। কারণ, তারা যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি কৌশলগত বার্তা দিতে চায়। কাল শুক্রবার দায়িত্ব নেবেন ট্রাম্প।