উ. কোরিয়ার নেতার বোন যাচ্ছেন দ. কোরিয়া

উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং-উনের বোন কিম ইয়ো জং দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় আসন্ন শীতকালীন অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। তিনি আগামী শুক্রবার দক্ষিণ কোরিয়ায় যাচ্ছেন বলে নিশ্চিত করেছে সিউল।
উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে দুই কোরিয়া একই পতাকার নিচে শামিল হবে। উত্তর কোরিয়ার এ অংশগ্রহণের মধ্য দিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন মোড় নেবে বলে আশা করা হচ্ছে।
বিশেষ উদ্দেশে এই অলিম্পিক গেমসকে উত্তর কোরিয়া ব্যবহার করছে বলে অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র, জাপান ও তার মিত্ররা। বিবিসি জানিয়েছে, কিম ইয়ো জং ১৯৮৭ সালে জন্মগ্রহণ করেন। তিনি কিম জং-উনের চেয়ে অন্তত চার বছরের ছোট। উত্তর কোরিয়ায় বর্তমান ক্ষমতাসীন পরিবারে প্রথম সদস্য হিসেবে কিম ইয়ো জং দক্ষিণ কোরিয়া যাচ্ছেন।
দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা বলেন, কিম ইয়ো জংয়ের সিউলে আসার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তিনি ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির জ্যেষ্ঠ কর্মকর্তাও।
এদিকে বুধবার জাপান সফরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, শিগগিরই উত্তর কোরিয়ার বিরুদ্ধে ‘কঠোর ও আক্রমণাত্মক’ অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হবে।