উ. কোরিয়ার সংকট সমাধানে চীন-রাশিয়াকে ট্রাম্পের তাগিদ

পারমাণবিক সংকট সমাধানে উত্তর কোরিয়ার ওপর চাপ দিতে চীন ও রাশিয়ার প্রতি আহবান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে এক সাক্ষাতে তিনি এ আহবান জানান। তিনি সতর্ক করেন, ‘সময় দ্রুত চলে যাচ্ছে’।
ট্রাম্প বলেন, আমাদের খুব দ্রুত কিছু করা উচিত। আশা করছি, অন্য যেকোনো দেশের চেয়ে এই সমস্যার সমাধানে চীন দ্রুত এবং আরও কার্যকরভাবে কাজ করবে।
এশিয়া সফরের অংশ হিসাবে দক্ষিণ কোরিয়া সফর শেষে গতকাল বুধবার চীনে পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্প।
বৈঠকে উত্তর কোরিয়ার সঙ্গে বাণিজ্য সীমিত করায় সি চিন পিংকে ধন্যবাদ জানান ট্রাম্প। তাঁকে আরও পদক্ষেপ নিতে তাগিদ দেন তিনি। ট্রাম্প বলেন, চীন সহজে ও দ্রুত এই সমস্যার সমাধান করতে পারে। আমি চীনের প্রেসিডেন্ট সম্পর্কে এতটুকু বলতে পারি, তিনি যদি এ বিষয়ে গভীর মনোযোগ দেন সমাধান সম্ভব। এ বিষয়ে কোনো সন্দেহ নেই।
চীন সফর শেষে এ সপ্তাহেই এপেক সম্মেলনে অংশ নিতে ভিয়েতনাম সফরে যাবেন ট্রাম্প। সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের আশা করছেন তিনি। তিনি বলেন, আমি সম্ভাব্য দুঃখজনক পরিস্থিতি মোকাবিলার জন্য রাশিয়ার সাহায্যের আহ্বান করব।
এর আগে ট্রাম্প বলেছিলেন, তিনি এবং সি চিন পিং বিশ্বাস করেন যে পারমাণবিক অচলাবস্থার একটি সমাধান আছে। উত্তর কোরিয়ার ওপর চাপ সৃষ্টি করতে সে দেশের কূটনৈতিক সঙ্গী চীনকে যে যুক্তরাষ্ট্র পাশে টানতে চায় সে ইঙ্গিত তাই বেইজিংয়ে পা রাখার আগেই দিয়েছিলেন ট্রাম্প।
ডোনাল্ড ট্রাম্প কী ধরনের সমাধান চাইছেন, তা স্পষ্ট করে বললেও ট্রাম্প প্রশাসন বিশ্বাস করে, উত্তর কোরিয়ার ওপর চীন এর অর্থনৈতিক গুরুত্বই পিয়ংইয়ংয়ের পরমাণু অস্ত্র এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে থামানোর শক্তিশালী অস্ত্র। সূত্র: এএফপি।