উ. কোরিয়ার সঙ্গে সংলাপের প্রস্তাব দ. কোরিয়ার
দক্ষিণ কোরিয়া গতকাল সোমবার প্রতিবেশী উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক পর্যায়ে আলোচনার একটি বিরল প্রস্তাব দিয়েছে। পিয়ংইয়ং তাদের প্রথম আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পরবর্তী উত্তেজনা নিরসনের লক্ষ্যে সিউল এই উদ্যোগ নিয়েছে।
শান্তিকামী মুন জে-ইন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দেশটি এই প্রথম উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিল। ইতিমধ্যে সিউলের রেডক্রস দুই কোরিয়ার বিভিন্ন পরিবারের সদস্যদের পুনর্মিলন প্রসঙ্গে পৃথক আলোচনার প্রস্তাব দিয়েছে। ১৯৫০-৫৩ সালের কোরীয় যুদ্ধে এসব পরিবার বিচ্ছিন্ন হয়ে পড়ে।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আগামী শুক্রবার অস্ত্রবিরতির আওতাভুক্ত সীমান্ত এলাকার পানমুনজম গ্রামে আলোচনা অনুষ্ঠানের প্রস্তাব দিয়েছে। আর রেডক্রস আগামী ১ আগস্ট একই স্থানে আলোচনা আয়োজনের আগ্রহ জানিয়েছে।
সরকারি ওই উদ্যোগ যদি সফল হয়, সেটা ২০১৫ সালের ডিসেম্বরের পর প্রথম উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে আনুষ্ঠানিক আলোচনা হবে। প্রেসিডেন্ট জে-ইনের পূর্বসূরি রক্ষণশীল রাজনীতিক পার্ক গিউন-হে পিয়ংইয়ংয়ের সঙ্গে আলোচনায় অনাগ্রহী ছিলেন। তিনি এ ধরনের আলোচনার জন্য উত্তর কোরিয়ার কাছ থেকে পারমাণবিক নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি চেয়েছিলেন।
সিউলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘স্থলসীমান্তে সামরিক উত্তেজনা বৃদ্ধির জন্য দায়ী সব ধরনের বৈরী তৎপরতা বন্ধ করার লক্ষ্যে আমরা একটা আলোচনার প্রস্তাব দিচ্ছি।’
উত্তর কোরিয়া এ বিষয়ে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি। জাতিসংঘ ও পশ্চিমা বিশ্বের হুঁশিয়ারি ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে দেশটি একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে।