উত্তর কোরিয়ার প্রধান পারমাণবিক স্থাপনা ইয়ংবাইয়োন আবার চালু করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএর প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়া তার পারমাণবিক অস্ত্র ‘গুণগত ও সংখ্যাগত’ দিক থেকে উন্নত করছে। এতে দাবি করা হয়, ‘যেকোনো সময় পারমাণবিক অস্ত্র দিয়ে’ যুক্তরাষ্ট্রের উসকানি মোকাবিলার জন্য উত্তর কোরিয়া প্রস্তুত রয়েছে। খবর বিবিসির।
ইয়ংবাইয়োন পারমাণবিক স্থাপনা চালু করার বিষয়টি গতকাল মঙ্গলবার প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করল উত্তর কোরিয়া। যদিও চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের একটি গবেষণা প্রতিষ্ঠান স্যাটেলাইটের মাধ্যমে পাওয়া ছবির কথা উল্লেখ করে বলেছিল, স্থাপনাটি আবার চালু করা হয়েছে।
আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ‘সহায়তার বিনিময়ে নিরস্ত্রীকরণ’ চুক্তির আওতায় ইয়ংবাইয়োন ২০০৭ সালে বন্ধ করে দেয় উত্তর কোরিয়া। পরে ওই অবস্থান থেকে সরে গিয়ে ২০১৩ সালে দেশটি তৃতীয় পারমাণবিক পরীক্ষা চালায়। সঙ্গে ওই স্থাপনাটিও আবার চালু করার ঘোষণা দেয়।
ইয়ংবাইয়োন পারমাণবিক স্থাপনা উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র কর্মসূচির জন্য প্রয়োজনীয় প্লুটোনিয়ামের প্রধান উৎস। বিশেষজ্ঞদের ধারণা, ইয়ংবাইয়োন স্থাপনা নতুন করে চালু হলে সেখান থেকে প্রতিবছর একটি করে পারমাণবিক বোমা তৈরির প্রয়োজনীয় পরিমাণ প্লুটোনিয়াম উৎপাদন করা সম্ভব হবে।