উইঘুররা জড়িত বলে সরাসরি অভিযোগ করল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের পুলিশ এই প্রথমবারের মতো ব্যাংককের মন্দিরে হামলায় চীনের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের কারও জড়িত থাকার সরাসরি অভিযোগ এনেছে। এদিকে ওই হামলায় জড়িত সন্দেহে গ্রেপ্তার আদেম কারাদাগ নিজেকে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের বলে স্বীকার করেছেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী। খবর এএফপির।
কয়েক সপ্তাহ ধরেই থাইল্যান্ডের পুলিশ ইরাওয়ান মন্দিরে হামলায় উইঘুর সম্প্রদায়ের কারও জড়িত থাকার কথা আকারে-ইঙ্গিতে বলে আসছিল। চীনের সংখ্যালঘু উইঘুররা তাদের ওপর রাষ্ট্রীয় নিপীড়নের অভিযোগ করে আসছে।
গতকাল মঙ্গলবার থাইল্যান্ডের পুলিশপ্রধান সোমিয়ত পুমপানমং বলেন, মানব পাচারকারী চক্রই ওই হামলার মূলে আছে। থাই সরকার এই চক্রের তৎপরতা ভেঙে দিয়েছে। আর তাতে ক্ষুব্ধ হয়েই এই হামলা হয়েছে।
এযাবৎ যে দুই বিদেশিকে থাই পুলিশ গ্রেপ্তার করেছে, তাঁদের একজন আদেম কারাদাগ কয়েকটি জাল তুর্কি পাসপোর্টসহ ধরা পড়েন। গতকাল তাঁর আইনজীবী চুচার্ত খানপাই প্রথমবারের মতো বলেছেন, তাঁর মক্কেলের আসল নাম বিলাল মোহাম্মদ। তবে তিনি অবৈধভাবে থাইল্যান্ডে ঢোকার কথা স্বীকার করলেও হামলার পরিকল্পনার কথা অস্বীকার করেছেন।
চুচার্ত বলেন, বিলালের জন্ম চীনের শিনজিয়াং প্রদেশে। তিনি ২০০৪ সালে তুরস্কে যান এবং পরে সে দেশের নাগরিকত্ব পান।
এদিকে হামলার সন্দেহভাজন মূল পরিকল্পনাকারী আবু দাস্তার আবদুল রহমান ওরফে ইসান পালিয়ে তুরস্কে গেছেন বলে থাইল্যান্ডের পুলিশ জানালেও তুরস্ক তা অস্বীকার করেছে।