উজবেক একনায়ক করিমোভ মারা গেছেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলাম করিমোভ
ইসলাম করিমোভ

উজবেকিস্তানের একনায়ক ইসলাম করিমোভ মারা গেছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। যদিও উজবেকিস্তানের পক্ষ থেকে এ ব্যাপারে এখনো নিশ্চিত করে কিছু বলা হয়নি।
করিমোভের বয়স ৭৮ বছর। ১৭ আগস্টের পর থেকে তাঁকে জনসমক্ষে দেখা যাচ্ছে না। করিমোভ ১৯৮৯ সাল থেকে  উজবেকিস্তানের ক্ষমতায় আছেন। গত সপ্তাহে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে সরকারিভাবে শুধু বলা হয়েছিল, তিনি ‘গুরুতর অসুস্থ’।
করিমোভের মৃত্যু নিয়ে আনুষ্ঠানিক কোনো কিছু না জানালেও উজবেকিস্তানের টেলিভিশনে বিনোদনমূলক অনুষ্ঠানগুলো আপাতত বন্ধ রাখা হয়েছে।
রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স উজবেকিস্তানের এক সরকারি কর্মকর্তাকে উদ্ধৃত করে ইসলাম করিমোভের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে এ ব্যাপারে কোনো বিবৃতি দিতে অস্বীকার করেন সেই কর্মকর্তা।
নাম প্রকাশ না করে বিভিন্ন দেশের কূটনীতিকেরাও বিভিন্ন সংবাদ সংস্থার কাছে ইসলাম করিমোভের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। এমনকি শেষকৃত্যে যোগ দেওয়ার ব্যাপারে নিজেদের পরিকল্পনার কথাও বলেছেন তাঁরা।

বার্তা সংস্থা রয়টার্স তিনটি সূত্রের কথা উল্লেখ করে করিমোভের মৃত্যুর খবর দিয়েছে। অ্যাসোসিয়েট প্রেস (এপি) আফগান সরকারি কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, আগামী রোববার আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি অংশ নেবেন করিমোভের শেষকৃত্যে।