উত্তপ্ত পূর্ব এশিয়া ও আবের ব্যস্ততা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব এশিয়ার পরিস্থিতি আবারও হঠাৎ করেই উত্তপ্ত হয়ে উঠছে। আঞ্চলিক এবং সেই সঙ্গে দূরবর্তী একটি প্রভাবশালী দেশের সাম্প্রতিক কিছু তৎপরতা পরিস্থিতি ঘোলাটে হওয়ার কারণ বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্কের ওপর নজর রাখা রাজনৈতিক বিশ্লেষকেরা। আরও কিছুটা বৃহত্তর প্রেক্ষাপটে দেখলে বোঝা যাবে যে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পেছনে আছে দক্ষিণ চীন সাগরে চীনের তৎপরতা। পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কিছু দেশ এবং সেই সঙ্গে যুক্তরাষ্ট্র চীনের যে পদক্ষেপকে অঞ্চলজুড়ে আধিপত্য সম্প্রসারণের পাঁয়তারা হিসেবে দেখছে।
দক্ষিণ চীন সাগরের সংকটে আরও যুক্ত হয়েছে পূর্ব চীন সাগরে চীনের সামরিক উপস্থিতি বেড়ে চলার ঘটনা, জাপান যাকে তার সার্বভৌমত্বের ওপর সরাসরি হুমকি হিসেবে গণ্য করছে। এর বাইরে সাম্প্রতিক সময়ে আরও যুক্ত হয়েছে উত্তর কোরিয়ার ‘বেপরোয়া আচরণ’ এবং দেশটির সম্ভাব্য হামলা প্রতিরোধের দোহাই দিয়ে দক্ষিণ কোরিয়ায় থাড ক্ষেপণাস্ত্র প্রতিরোধব্যবস্থা মোতায়েনে যুক্তরাষ্ট্রের তরিঘড়ি পদক্ষেপ। চীন ও রাশিয়া উভয়েই বলছে, থাড মোতায়েনের মতো পরিস্থিতি কোরীয় উপদ্বীপকে ঘিরে এখনো তৈরি হয়নি। দেশ দুটি মনে করছে, থাড ব্যবস্থার মূল লক্ষ্য পিয়ংইয়ং নয়, বরং বেইজিং ও মস্কোর ওপর ওয়াশিংটনের গোয়েন্দা নজরদারি আরও কিছুটা শানিয়ে নেওয়া। উভয়েই তাই এখন থাড বানচাল করে দিতে বদ্ধপরিকর।
অন্যদিকে দক্ষিণ কোরিয়ায় অভিশংসন প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রেসিডেন্ট বরখাস্ত হওয়ার পর থেকে সেখানে বিরাজমান অনিশ্চিত অবস্থা পুরো দৃশ্যপটকে আরও ঘোলাটে করে তুলছে। কিছুদিন আগে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে রহস্যময়ভাবে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সৎভাইয়ের মৃত্যুর বিষয়টিও দৃশ্যত তাৎপর্যপূর্ণ। সব মিলিয়ে পূর্ব এশিয়া অনেকটা যেন বেহাল। আবার এই অঞ্চলে প্রভাব বহাল রাখতে উদ্গ্রীব পরাশক্তি যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন এখনো ক্ষমতা গোছানোর প্রক্রিয়া শেষ করতে না পারায় সংশয় দেখা দিয়েছে।
পূর্ব এশিয়ার এই অস্থিরতা কেবল কূটনৈতিক ও রাজনৈতিক অঙ্গনজুড়েই সীমিত নেই; অর্থনীতির ওপর দিয়েও যেন বয়ে চলেছে অনেকটা একই রকমের ওলট-পালট হাওয়া। ডোনাল্ড ট্রাম্প আন্তপ্রশান্ত মহাসাগর মুক্ত বাণিজ্য চুক্তি টিপিপি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার মধ্য দিয়ে টিপিপির কার্যত মৃত্যু নিশ্চিত করেছেন। এতে বড় এক সংকটের মধ্যে পড়তে হয়েছে জাপানকে। চীনের ক্রমসম্প্রসারমাণ অর্থনৈতিক প্রভাব ঠেকানোর জুতসই এক পথের দেখা জাপান পেয়েছিল টিপিপি চুক্তিতে।
জাপানের সামনে সৃষ্টি হওয়া জটিলতার পেছনে আরেকটি কারণ হলো সংরক্ষণবাদী বাণিজ্যব্যবস্থায় যুক্তরাষ্ট্রের ফিরে যাওয়ার ব্যাপারে ট্রাম্পের ঘোষিত অঙ্গীকার। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের রাজনৈতিক অবস্থান ডোনাল্ড ট্রাম্পের থেকে খুব বেশি দূরের না হলেও অর্থনীতির ক্ষেত্রে তাঁদের মধ্যে পার্থক্য বেশ বড়। মুক্ত বাণিজ্যব্যবস্থাকে ট্রাম্প এক বাক্যে নাকচ করে দিলেও জাপানের প্রধানমন্ত্রী একে তাঁর দেশের স্বার্থ সংরক্ষণে আবশ্যকীয় বলেই গণ্য করেন।
টিপিপি থেকে যুক্তরাষ্ট্রের বের হয়ে যাওয়া এবং দেশটির সংরক্ষণবাদের পথে যাত্রার মধ্য দিয়ে অনিশ্চিত যে অবস্থা তৈরি হতে চলেছে, তা মোকাবিলায় ভিন্ন প্রেক্ষাপটে কূটনৈতিক তৎপরতা জোরদার করে চলেছে জাপান। প্রধানমন্ত্রী শিনজো আবের চারটি ইউরোপীয় দেশ সফর হচ্ছে সেই উদ্যোগেরই একটি অংশ। আবে ইউরোপীয় নেতাদের সঙ্গে উত্তর কোরিয়ার সম্ভাব্য হুমকি মোকাবিলায় ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণের প্রয়োজনীয়তা ছাড়াও সংরক্ষণবাদ পরিহার ও সম্প্রসারিত মুক্ত বাণিজ্য চুক্তি ব্যবস্থার গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন। জার্মানি, ফ্রান্স ও বেলজিয়াম হয়ে ইউরোপ সফরের শেষ গন্তব্য ইতালি থেকে আগামীকাল তাঁর দেশে ফিরে আসার কথা। তবে গুরুত্বপূর্ণ একাধিক আন্তর্জাতিক বিষয়ে যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে কতটা ফলপ্রসূ পদক্ষেপ দেশটির মিত্রদের পক্ষে নেওয়া সম্ভব, সেই প্রশ্ন সফর শেষ হওয়ার আগেই উঠতে শুরু করেছে।