উত্তর কোরিয়ার এক ডুবোজাহাজ হঠাৎ 'উধাও'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়ার একটি ডুবোজাহাজের সন্ধান মিলছে না। ধারণা করা হচ্ছে, এটি সাগরে নিমজ্জিত হয়েছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের খবরে এ কথা বলা হয়েছে।
মার্কিন সেনাসূত্রের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে—এমন এক গণমাধ্যমের খবর অনুযায়ী, ‘নিখোঁজ’ হওয়ার আগে কয়েক দিন ধরে উত্তর কোরিয়ার ডুবোজাহাজটি নিজেদের উপকূলে সক্রিয় ছিল। ওই অঞ্চলে তাদের বৈরী প্রতিবেশী দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে এ যাবৎকালের বৃহত্তম সামরিক মহড়া চলছে। এ মহড়া নিয়ে উত্তর কোরিয়া ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে আসছে। ইতিমধ্যে দেশটি যুদ্ধের নতুন হুমকি দিয়ে বলেছে, কোনো আগ্রাসন চালানোর লক্ষণ দেখলেই জবাবে তারা স্বতঃপ্রণোদিত আক্রমণ চালাতে প্রস্তুত।
কর্মকর্তাদের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের নেভাল ইনস্টিটিউটের সাময়িকীতে বলা হয়, মহড়া চলাকালে মার্কিন নৌবাহিনীর সদস্যরা উত্তর কোরিয়ার ওই ডুবোজাহাজকে অনুসরণ করার সময় হঠাৎই তা উধাও হয়ে যায়। এতে বলা হয়, উত্তর কোরিয়ার সশস্ত্র বাহিনীর প্রায় ৭০টি ডুবোজাহাজের একটি বহর আছে। যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম সিএনএন বলেছে, ডুবোজাহাজটি নিখোঁজ হওয়ার পর মার্কিন সেনারা উত্তর কোরীয় নৌবাহিনীকে সেটি অনুসন্ধান করতে দেখে।
খবরে বলা হয়, ডুবোজাহাজটি যদি নিমজ্জিত হয়ে থাকে, তবে এর পেছনে উত্তর ও দক্ষিণ কোরিয়ার সম্পর্কের বর্তমান উত্তেজনার যোগসূত্র আছে কি না, তা এখন পর্যন্ত অজানা।
উত্তর কোরিয়া গত জানুয়ারিতে তার সাম্প্রতিকতম পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানোর পর থেকে দেশটির সঙ্গে বিশেষত, দক্ষিণ কোরিয়া ও এর মিত্র যুক্তরাষ্ট্রের উত্তেজনা বেড়ে গেছে। এরপর অতিসম্প্রতি কমিউনিস্ট দেশটি আবারও সাগরে স্বল্পপাল্লার দুটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে।