উত্তর কোরিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা দিচ্ছে জাতিসংঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়ার ওপর নতুন কিছু নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ একমত হয়েছে। দেশটি পঞ্চম এবং সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর পর শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ।
তবে উত্তর কোরিয়া জাতিসংঘের এই পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের কাজ বলে মনে করছে। পিয়ংইয়ং বলেছে, পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের ‘ব্ল্যাকমেইলের’ কাছে তারা মাথা নত করবে না। একই সঙ্গে দেশটি যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে কাজ করার জন্য দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন হাইকে ‘নোংরা পতিতা’ হিসেবে আখ্যায়িত করেছে। উত্তর কোরিয়ার সরকারি মুখপাত্র হিসেবে পরিচিত রোডোং সিনমান পত্রিকা বলেছে, পরমাণু ইস্যুতে একচেটিয়াভাবে পিয়ংইয়ংকে কোণঠাসা করার দিন শেষ হয়ে গেছে। উত্তর কোরিয়া তার নিজের পথে এগিয়ে যাবেই।
উত্তর কোরিয়া গত শুক্রবার তার সর্বশেষ পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়। এরপর জরুরি বৈঠক করে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ। এর আগে দক্ষিণ কোরিয়া অভিযোগ করে, উত্তর কোরিয়ার নেতা ওই পরীক্ষা চালানোর মাধ্যমে নিজের ‘বাতিকগ্রস্ত অদূরদর্শিতার’ পরিচয় দিয়েছেন। দেশটির মিত্র হিসেবে পরিচিত চীনও ঘটনাটির ‘জোরালো বিরোধিতা’ করেছে। জাপানও কঠোর বিরোধী অবস্থান নিয়েছে।
জাতিসংঘের নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থায়ই পিয়ংইয়ং চলতি বছর দুবার পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। বিশ্লেষকেরা বলছেন, কিম জং উনের হাঁকডাক ক্রমশ বেশি আগ্রাসী হয়ে উঠছে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকের আগে মার্কিন রাষ্ট্রদূত সামান্থা পাওয়ার বলেন, উত্তর কোরিয়া নিজেদের পারমাণবিক অস্ত্রশস্ত্র এবং সেগুলোর নিক্ষেপযান নিখুঁত করতে চাইছে। এভাবে তারা আঞ্চলিক নিয়ন্ত্রণের পাশাপাশি বিশ্বকে পারমাণবিক অস্ত্রের হামলার হুমকি দিয়ে জিম্মি করে রাখতে চায়।
জাতিসংঘে ফ্রান্সের রাষ্ট্রদূত ফ্রাঁসোয়া দোলাত্র বলেন, উত্তর কোরিয়াকে নিজের কাজ এবং তার উসকানির পরিণাম মেনে নিতে হবে। তাদের ওপর নতুন নিষেধাজ্ঞা অপরিহার্য।