উত্তর কোরিয়া গতকাল মঙ্গলবার নতুন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের চেষ্টা করে ব্যর্থ হয়েছে বলে খবর দিয়েছেন দক্ষিণ কোরিয়ার কর্মকর্তা ও দেশটির গণমাধ্যম। প্রকাশিত খবর অনুযায়ী এপ্রিল মাস থেকে চতুর্থবারের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের চেষ্টা করে ব্যর্থ হলো দেশটি।
দক্ষিণ কোরিয়ার সরকারি কর্মকর্তারা বলেন, গতকাল ভোরে ওই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করার চেষ্টা করা হয়। এক কর্মকর্তা আরও বলেন, পূর্ব উপকূলের যে এলাকা থেকে আগের মুসুদান ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণের চেষ্টা করা হয়েছিল, সেখান থেকেই গতকালের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কোনো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করার কথা জানায়নি।
দক্ষিণ কোরিয়া ও এর মিত্র যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেন, গত এপ্রিল মাসে উত্তর কোরিয়া তিনটি মুসুদান ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের চেষ্টা করে, যার সব কটিই ব্যর্থ হয়।