উত্তর কোরিয়ার জাহাজ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিপাইন গতকাল শনিবার বলেছে, তারা উত্তর কোরিয়ার একটি জাহাজ আটকে রেখেছে। জানামতে জাতিসংঘের নতুন অবরোধের আওতায় এই প্রথম এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হলো। সম্প্রতি পারমাণবিক বোমা ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষার জের ধরে পিয়ংইয়ংয়ের ওপর ওই অবরোধ আরোপ করা হয়েছে। খবর এএফপির।
জিন তেং নামের ৬ হাজার ৮৩০ টন ওজনবাহী কার্গো জাহাজটি বর্তমানে ফিলিপাইনের রাজধানী ম্যানিলার উত্তর-পূর্বে অবস্থিত সুবিক বন্দরে রয়েছে। ফিলিপাইনের প্রেসিডেন্ট দপ্তরের মুখপাত্র মানোলো কুইজেন বলেছেন, উত্তর কোরীয় জাহাজটি তিন দিন ধরে বন্দরে রয়েছে। এটিকে বন্দর ছাড়তে দেওয়া হবে না। তবে জাহাজের ২১ জন নাবিককে বহিষ্কার করা হবে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গত বুধবার উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন অবরোধ আরোপের পর জানামতে এটাই দেশটির বিরুদ্ধে তা কার্যকরে প্রথম পদক্ষেপ। এ পর্যন্ত দেশটির বিরুদ্ধে যত অবরোধ আরোপ করা হয়েছে, তার মধ্যে এটাই সবচেয়ে কঠোর।
ফিলিপাইনের মুখপাত্র কুইজেন রাষ্ট্রীয় বেতারকেন্দ্র রেডিও এনজি বায়ানকে বলেন, ‘উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশ্ব উদ্বিগ্ন। জাতিসংঘের সদস্য হিসেবে ফিলিপাইনকে ওই অবরোধ বাস্তবায়নে নিজের দায়িত্বটুকু পালন করতে হয়েছে।’
ফিলিপাইনের পররাষ্ট্রবিষয়ক মুখপাত্র চার্লস জোস বলেন, সাবেক মার্কিন নৌঘাঁটির কাছে অবস্থিত ওই বন্দরে এসে জাতিসংঘের একটি তদন্ত দল জাহাজটি পরিদর্শন করবে। তিনি বলেন, জাতিসংঘের অবরোধের সঙ্গে সংগতি রেখেই জাহাজটি আটকে রাখা হয়েছে।
এদিকে ফিলিপাইনের কোস্টগার্ডের মুখপাত্র কমান্ডার আরমান্দ বালিলো জানিয়েছেন, পাম বীজ বহনকারী জাহাজটিতে গতকাল তাঁরা দ্বিতীয়বারের মতো তল্লাশি চালিয়েছেন। তবে এতে বিস্ফোরক, মাদক বা নিষিদ্ধ কোনো পণ্যসামগ্রী এখন পর্যন্ত পাওয়া যায়নি।