উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন 'অসুস্থ'
উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন ‘অসুস্থ’ হয়ে পড়েছেন। গত বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক কর্মসূচিতে অনুপস্থিত থাকার পর রাষ্ট্রীয় টেলিভিশনের এক খবরে এ কথা বলা হয়। খবর বিবিসির।
গত তিন সপ্তাহেরও বেশি সময় ধরে ৩১ বছর বয়সী কিমকে জনসমক্ষে দেখা যায়নি। রাষ্ট্রীয় টিভির খবরে বলা হয়, কিম কোনো এক ধরনের স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। তবে সমস্যাটির বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
বৃহস্পতিবার সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির (এসপিএ) অধিবেশনে যোগ দেননি উত্তর কোরিয়ার প্রধান নেতা কিম। এরপরই তিনি কোথায় ও কেমন আছেন—এই প্রশ্ন ওঠে। গত মার্চে এসপিএর শতভাগ ভোট পেয়ে দেশটির নেতা নির্বাচিত হন কিম।
কিম জং-উন সর্বশেষ গত ৩ সেপ্টেম্বর একটি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। রাষ্ট্রনিয়ন্ত্রিত রোদোং সিনমান পত্রিকার এক সচিত্র প্রতিবেদন অনুযায়ী ওই সংগীতানুষ্ঠানে সামনের সারিতে বসেন কিম। এ সময় তাঁর স্ত্রী রি সোল-জুকের পাশে বসেছিলেন। এর আগে কারখানা ও সামরিক ইউনিট পরিদর্শনকালে অস্বাভাবিক মোটা কিমকে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়।
দক্ষিণ কোরিয়ার দৈনিক জুনগ্যাং পত্রিকার খবরে বলা হয়, কিম হয়তো খেলাধুলা করতে গিয়ে পায়ে চোট পেয়ে থাকবেন।