উত্তর কোরিয়ার বিরুদ্ধে অপপ্রচারের লাউড স্পিকার ফের চালু
বৈরী প্রতিবেশী উত্তর কোরিয়ার বিরুদ্ধে অপপ্রচারমূলক সম্প্রচার শুরু করতে সীমান্তে লাউডস্পিকার আবার চালু করে দিয়েছে দক্ষিণ কোরিয়া। খবর বিবিসির।
উত্তর কোরিয়া গত বুধবার তার প্রথম হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালানোর কথা ঘোষণা করার প্রতিক্রিয়ায় দক্ষিণ কোরিয়া এ পদক্ষেপ নিয়েছে। একই রকম পাল্টা পদক্ষেপ নিয়েছে পিয়ংইয়ংও।
দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ বার্তা সংস্থার খবরের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে বিবিসি। খবরে বলা হয়, দক্ষিণ কোরিয়া গতকাল শুক্রবার দুপুর থেকে অপপ্রচারমূলক সম্প্রচার চালু করে লাউডস্পিকারগুলো উত্তর কোরিয়ার দিকে ঘুরিয়ে দেয়।
সীমান্তসংলগ্ন ১১টি স্থানে বসানো ওই লাউডস্পিকারে সজোরে কোরীয় পপসংগীত বাজানো হচ্ছে। প্রচার করা হচ্ছে সংবাদ ও আবহাওয়ার তথ্য। আছে উত্তর কোরীয় সরকারের বিরুদ্ধে নানা সমালোচনাও। এমন লাউডস্পিকার সম্প্রচারে বিরক্ত হয়ে উঠেছে উত্তর কোরিয়া।
দক্ষিণ কোরিয়ার একজন কর্মকর্তা জানিয়েছেন, যেসব স্থানে লাউডস্পিকার বাজানো হচ্ছে, সেসব এলাকায় সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করেছে সামরিক বাহিনী।
উদ্ভূত পরিস্থিতিতে দক্ষিণ কোরিয়াকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড। জাপান সফরকালে সিউলের উদ্দেশে তিনি বলেন, ফের লাউডস্পিকার চালু করায় উত্তেজনা বাড়বে।