উত্তর কোরিয়ায় বন্যায় ৬০ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়ায় প্রবল ঝড় ও বৃষ্টিতে সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত ৬০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গৃহহীন হয়ে পড়েছে ৪৪ হাজার লোকজন। আজ মঙ্গলবার জাতিসংঘ এ তথ্য জানায় বলে এএফপির খবরে বলা হয়।

পিয়ংইয়ং জানায়, চার দিন আগে থেকে শুরু হওয়া প্রবল ঝড় ও বৃষ্টিতে শুক্রবার তুমেন নদীর পানি বেড়ে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে।

ইউএন অফিস ফর দ্য কো-অরডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স এক বিবৃতিতে জানায়, মুসান, হোয়েরইয়ংসহ নদীটির তীরবর্তী এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় নয় হাজার ভবন ধ্বংস হয়ে গেছে, ১০ হাজার হেক্টর জমি তলিয়ে গেছে। দেশটির সরকারের বরাত দিয়ে ওই বিবৃতিতে বলা হয়, ৬০ জনের মৃত্যু হয়েছে। এবং ৫ শতাংশ লোকজন ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘বন্যাদুর্গত এলাকাগুলোর সঙ্গে যোগাযোগ রাখা দুরূহ হয়ে পড়েছে...এসব জায়গায় তাৎক্ষণিক জরুরি আশ্রয়, খাবার, ওষুধ, পানি ও স্যানিটারি উপকরণ প্রয়োজন।’

গত শুক্রবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছিল, ১৭ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে যাওয়ার পর ১৫ জনের খোঁজ পাওয়া যাচ্ছিল না।

২০১২ সালেও প্রচণ্ড ঝড়বৃষ্টিতে দেশটিতে ভয়াবহ বন্যা হয়েছিল। ওই সময় ১৬৯ জনের মৃত্যু হয়েছিল।