উত্তর কোরিয়া সফরে মুনের 'ইতিবাচক ইঙ্গিত'
জাতিসংঘ মহাসচিব বান কি মুন ‘অতিসত্বর’ উত্তর কোরিয়া সফরে যাওয়ার আশা প্রকাশ করেছেন। পিয়ংইয়ং সফরের বিষয়ে গত সোমবার ‘ইতিবাচক ইঙ্গিত’ দিয়েছেন তিনি। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। খবর বিবিসির।
মহাসচিবের উত্তর কোরিয়ায় সফরের পরিকল্পনার খবর নাকচ করে সম্প্রতি জাতিসংঘ জানিয়েছিল, উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে চলতি সপ্তাহে জাতিসংঘ মহাসচিবের বৈঠকের সম্ভাবনা নেই। এরপর গত সোমবার সাংবাদিকদের বান কি মুন বলেন, ‘উত্তর কোরিয়া সফরে যাওয়ার উপযুক্ত সময় নিয়ে আমরা আলোচনা করছি। কিন্তু এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি।’
দক্ষিণ কোরিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী বান কি মুন বারবার বলে আসছেন, কোরিয়া উপদ্বীপে শান্তি, স্থিতিশীলতা ও আলোচনার জন্য ‘যেকোনো গঠনমূলক ভূমিকা পালনে’ তিনি আগ্রহী। এর আগে গত মে মাসে বান কি মুনের উত্তর কোরিয়া যাওয়ার একটি নির্ধারিত সফর আকস্মিকভাবে বাতিল করা হয়েছিল।
বান কি মুন উত্তর কোরিয়া সফরে গেলে, তা হবে জাতিসংঘের তৃতীয় মহাসচিবের ওই দেশ সফরের ঘটনা। পারমাণবিক কর্মসূচির কারণে জাতিসংঘের কঠোর অবরোধ রয়েছে উত্তর কোরিয়ার ওপর।