উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং-উনের প্রতি ‘আনুগত্য প্রদর্শন’ না করার দায়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রী হায়ুন ইয়ং-চোলের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা এ কথা জানিয়েছে। গতকাল বুধবার দেশটির সংশ্লিষ্ট পার্লামেন্টারি কমিটিকে গোয়েন্দা সংস্থাটি এ কথা জানায়। খবর রয়টার্সের।
দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ-এর প্রতিবেদনে বলা হয়, গোয়েন্দা সংস্থা সে দেশের এমপিদের বলেছে, গত ৩০ এপ্রিল কয়েক শ’ মানুষের সামনে পিয়ংইয়ংয়ের উত্তরাঞ্চলে এক সামরিক একাডেমিতে বিমানবিধ্বংসী গোলার আঘাতে ইয়ং-চোলকে হত্যা করা হয়।
ইয়োনহাপ এর প্রতিবেদনে আরও বলা হয়, কিম জং-উনের উপস্থিতিতে একটি আনুষ্ঠানিক সামরিক শোভাযাত্রার অনুষ্ঠানে ইয়ং-চোল ঘুমিয়ে পড়েন এবং কিম জং উনের নির্দেশনা পালন করতে ব্যর্থ হন।
কিমের নীতি চ্যালেঞ্জ করার দায়ে উত্তর কোরিয়ার ১৫ জন জ্যেষ্ঠ কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করার খবর প্রকাশিত হওয়ার পর প্রতিরক্ষামন্ত্রী হায়ুন ইয়ং-চোলের মৃত্যুদণ্ড কার্যকর করার সর্বশেষ খবরটি প্রকাশ হলো।
এর আগে ২০১৩ সালে প্রতারণার দায়ে কিম তাঁর চাচা এবং একসময়ের ক্ষমতাবান ব্যক্তিত্ব জাং সং-থায়েকের মৃত্যুদণ্ড কার্যকর করেন।