উত্তর কোরিয়ার ওপর জাপানের নতুন নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করতে চলেছে জাপান। দেশটির সরকার গতকাল শুক্রবার বলেছে, পারমাণবিক শক্তিধর উত্তর কোরিয়ার সঙ্গে ব্যবসা করছে চীন ও নামিবিয়ার এমন প্রতিষ্ঠানের সম্পদ জব্দ করার সিদ্ধান্ত হয়েছে।

একই ইস্যুতে চীন ও রাশিয়ার কয়েকটি প্রতিষ্ঠান এবং পিয়ংইয়ংয়ের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তির ব্যাপারে যুক্তরাষ্ট্রের শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার কয়েক দিন পরই জাপান নিজের পদক্ষেপের ঘোষণা দিল। ওয়াশিংটনের ওই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে উত্তর কোরিয়ার মিত্রদেশ বলে পরিচিত চীন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে।

জাপানের সংবাদমাধ্যমে গতকালের খবরে বলা হয়, উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করছে নামিবিয়া। নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে জাপান সরকারের শীর্ষ মুখপাত্র ইওশিহিদে সুগা বলেন, উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্র মুক্তকরণের জন্য জাপান দৃঢ়ভাবে আহ্বান জানিয়ে যাবে। তিনি বলেন, ‘এখন চাপ সৃষ্টির সময়।’

অর্ধডজনের মতো প্রতিষ্ঠান এবং কয়েকজন ব্যক্তি টোকিওর পদক্ষেপের আওতায় পড়বে। জাতিসংঘ সনদ উপেক্ষা করে উত্তর কোরিয়ার যুদ্ধাস্ত্র কর্মসূচিতে অর্থ সরবরাহ চলছে উল্লেখ করে জাপানের সংবাদমাধ্যমে বলা হয়েছে, এই সরবরাহে বিঘ্ন ঘটানোর লক্ষ্যে টোকিও নতুন নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে। জাপান এর আগেও পিয়ংইয়ংয়ের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পদ জব্দ করেছে।

সাম্প্রতিক মাসগুলোয় উত্তর কোরিয়ার সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, জাপানসহ ওয়াশিংটনের মিত্রদেশগুলো সর্বোচ্চ সতর্কতার মধ্যে রয়েছে।