উত্তর কোরিয়ার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে একটি বিলে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বিলটি গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে বিনা বাধায় পাস হয়।
উত্তর কোরিয়া দূরপাল্লার রকেট উৎক্ষেপণের পর দেশটির পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে তার ওপর যুক্তরাষ্ট্র নতুন এই নিষেধাজ্ঞা আরোপ করল। খবর বিবিসির।
নিষেধাজ্ঞা প্রস্তাবে উত্তর কোরিয়ার পারমাণবিক যুদ্ধাস্ত্র উন্নয়নের জন্য প্রয়োজনীয় অর্থের জোগান বন্ধের ব্যবস্থা রাখতে বলা হয়েছে। নতুন নিষেধাজ্ঞার আওতায় উত্তর কোরিয়ার পরমাণু অথবা যুদ্ধাস্ত্র কর্মসূচি সংশ্লিষ্ট ব্যবসায় যুক্ত এবং দেশটিতে মানবাধিকার লঙ্ঘনে জড়িত ব্যক্তিদের সম্পদ জব্দ করা হবে। বিলে উত্তর কোরিয়ায় মানবিক ত্রাণ কর্মসূচি পরিচালনা এবং সেখানে বেতার মাধ্যমে প্রচারণা চালানোর জন্য পাঁচ কোটি ডলারও বরাদ্দ করা হয়েছে।
কঠোর আন্তর্জাতিক চাপ সত্ত্বেও পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না বলে জানিয়ে দিয়েছে উত্তর কোরিয়া। এতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদও দেশটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করার প্রস্তুতি নিচ্ছে। বিশ্ব সংস্থার নতুন এই নিষেধাজ্ঞা প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে আলোচনা চলছে। এসব নিষেধাজ্ঞার কারণে উত্তর কোরিয়ার নাজুক অর্থনীতি আরও সংকুচিত হবে বলে জানিয়েছে দেশটির মিত্র হিসেবে পরিচিত চীন।
সম্প্রতি উত্তর কোরিয়া দূরপাল্লার একটি রকেট উৎক্ষেপণ করেছে। এটি দেশটির জন্য নিষিদ্ধ ক্ষেপণাস্ত্র প্রযুক্তির মধ্যে পড়ে বলে মনে করছেন অনেকে।
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরপরই ওবামা বলেছিলেন, ‘এটি একটি কর্তৃত্ববাদী শাসকগোষ্ঠী। বারবার তারা জাতিসংঘের সনদ লঙ্ঘন করে পরমাণু পরীক্ষা চালিয়েছে। এখন তারা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নিখুঁত করার চেষ্টা চালাচ্ছে।’