উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র আলাস্কা পর্যন্তও আঘাত হানবে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল মঙ্গলবার মাঝারিপাল্লার যে ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়া ছুড়েছে, তা পৃথিবীর যেকোনো স্থানে আঘাত হানতে সক্ষম এবং এটি যুক্তরাষ্ট্রের আলাস্কা পর্যন্ত পৌঁছাতে পারে। বিশেষজ্ঞরা এমনটাই মনে করছেন। দেশটির কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। গতকাল সকালে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্র জাপান সাগরে গিয়ে পতিত হয়।

গতকাল পিয়ংগান সামরিক বিমানক্ষেত্রের কাছ থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। ৩৭ মিনিট ওড়ার পর এটি জাপান সাগরে পতিত হয়। দক্ষিণ কোরিয়া বলছে, স্থানীয় সময় গতকাল সকাল ৯টা ৪০ মিনিটের দিকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। এটি ৯৩০ কিলোমিটার পথ পাড়ি দেয়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এ ক্ষেপণাস্ত্রকে যুক্তরাষ্ট্র ও বিশ্বের জন্য ‘হুমকির বর্ধিত রূপ’ বলে বর্ণনা করেছেন। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, ওয়াশিংটন ‘পারমাণবিক অস্ত্রে শক্তিধর উত্তর কোরিয়াকে কখনোই স্বীকার করবে না’।

রেক্স টিলারসন বলেন, ‘বিশ্বব্যাপী হুমকি বন্ধে বৈশ্বিক একটি পদক্ষেপের প্রয়োজন।’ তিনি সতর্ক করে দিয়ে বলেন, কোনো জাতি যদি উত্তর কোরিয়াকে অর্থনৈতিক বা সামরিকভাবে সুবিধা প্রদান করে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অবরোধ বাস্তবায়নে ব্যর্থ হয়, তবে এটি হবে ‘একটি বিপজ্জনক শাসনকে সহায়তা ও প্রচার করা’র মতো।

এ নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। আজ বুধবার ১৫ সদস্যের এ পরিষদের একটি রুদ্ধদ্বার বৈঠক হতে পারে বলে আশা করা হচ্ছে।

তবে, গতকালের ওই ক্ষেপণাস্ত্রের পরীক্ষার পরে বিশেষজ্ঞরা বলছেন, উত্তর কোরিয়ার এখনো দীর্ঘ পরিসীমায় পারমাণবিক অস্ত্রের সক্ষমতা নেই।

মাঝারিপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। ছবি: রয়টার্স
মাঝারিপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। ছবি: রয়টার্স

কী বলছে উত্তর কোরিয়া?
রাষ্ট্র-নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা কেসিএনএ দেশটির নেতা কিম জং-উনকে উদ্ধৃত করে বলা হয়েছে, এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা স্বাধীনতার দিনে আমেরিকানদের জন্য একটি ‘উপহার’ ছিল। আরও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর সম্ভাবনা সম্পর্কে সতর্ক করে দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, নেতা (উন), ‘ছোট এবং বড়’ এমন ‘উপহার প্যাকেজ’ ‘মার্কিন নাগরিকদের (ইয়াঙ্কি) কাছে বারবার পাঠানোর’ নির্দেশ দিয়েছেন।

পিয়ংইয়ং আগেই বলেছিল, হোয়াসাং-১৪ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) সমুদ্র অতিক্রম করে ২ হাজার ৮০২ কিলোমিটার (১ হাজার ৭৩১ মাইল) দূরে হামলা চালাতে সক্ষম।

উত্তর কোরিয়া বলেছে, তারা এখন ‘একটি পূর্ণাঙ্গ পারমাণবিক শক্তির দেশ এবং আন্তমহাদেশীয় ব্যালিস্টিক রকেট বিশ্বের যেকোনো জায়গায় আঘাত হানতে সক্ষম।’

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার মধ্যই গতকাল সর্বশেষ পরীক্ষাটি চালাল দেশটি।

উত্তর কোরিয়ার কি দূরপাল্লার মিসাইল আছে?
কিছু বিশেষজ্ঞ বিশ্বাস করেন, গতকালের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা প্রমাণ করে, এটি এমন একটি ক্ষেপণাস্ত্র, যা বিশ্বজুড়ে হামলা চালাতে সক্ষম। এ ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের আলাস্কা পর্যন্ত পৌঁছাতে পারে। পদার্থবিজ্ঞানী ডেভিড রাইট বলেছেন, এটি একটি আদর্শ ট্র্যাজেক্সরির (ক্ষেপণাস্ত্রের বঙ্কিম পথ) উদাহরণ। গতকালের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রায় ৬ হাজার ৭০০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। তবে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ বলেছে, এটি সাত থেকে আট হাজার কিলোমিটারের মধ্যে পৌঁছাতে পারবে। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্নটি হচ্ছে, এ ক্ষেপণাস্ত্র ওয়ারহেড বহনে সক্ষম কি না?

এদিকে চলতি সপ্তাহে জার্মানিতে অনুষ্ঠিত হতে যাওয়া জি-২০ শীর্ষ সম্মেলনের আগে ক্ষেপণাস্ত্রটি ছুড়ল উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এক সংবাদ সম্মেলনে বলেন, জি-২০ সম্মেলনে বিশ্বনেতারা উপস্থিত থাকবেন। এক টুইট বার্তায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, উত্তর কোরিয়া আরেকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল। কিম জং-উনকে উদ্দেশ করে তিনি বলেন, এই ব্যক্তি কি জীবনে এর চেয়ে ভালো কিছু আর করবে না? তথ্যসূত্র: বিবিসি।