উত্তর কোরিয়ার গোয়েন্দা কর্মকর্তা পালিয়ে দক্ষিণে
দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতায় নিয়োজিত উত্তর কোরিয়ার একটি সংস্থার প্রধান দেশ থেকে পালিয়ে দক্ষিণ কোরিয়ায় এসে আশ্রয় নিয়েছেন। কর্নেল পদমর্যাদার ওই কর্মকর্তার সঙ্গে উত্তর কোরিয়ার একজন কূটনীতিক এবং ওই কূটনীতিকের পরিবারের তিন সদস্যও চলে এসেছেন।
দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের বরাত দিয়ে সে দেশের বার্তা সংস্থা ইয়োনহ্যাপ গতকাল সোমবার এ কথা জানিয়েছে। ইয়োনহ্যাপ বলেছে, কর্মকর্তারা উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা ওই কর্মকর্তা ও তাঁর সঙ্গীদের নাম প্রকাশ করেননি। তবে তাঁরা জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার ওপর নজরদারিতে নিয়োজিত উত্তর কোরিয়ার গোয়েন্দা সংস্থা জেনারেল ব্যুরো অব রিকনিসনস-এর প্রধান হিসেবে ওই কর্নেল দায়িত্ব পালন করেছেন। এক বছর আগে তিনি পালিয়ে সিউলে আশ্রয় নেন।
একজন কর্মকর্তা বলেছেন, উত্তর কোরিয়া থেকে এ পর্যন্ত যত সেনা কর্মকর্তা দক্ষিণ কোরিয়ায় আশ্রয় নিয়েছেন তাঁদের মধ্যে এই কর্মকর্তাই সর্বোচ্চ পদমর্যাদার। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানিয়েছেন, দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে উত্তর কোরিয়া কীভাবে এত দিন গোয়েন্দা তৎপরতা চালিয়ে এসেছে, সে ব্যাপারে ওই কর্নেল সিউলের কর্মকর্তাদের প্রচুর তথ্য দিয়েছেন বলে মনে করা হচ্ছে।