উত্তর কোরিয়ার ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশান্ত মহাসাগরীয় মার্কিন ভূখণ্ড গুয়ামের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়ে আসছে উত্তর কোরিয়া। ছবি: রয়টার্স।
প্রশান্ত মহাসাগরীয় মার্কিন ভূখণ্ড গুয়ামের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়ে আসছে উত্তর কোরিয়া। ছবি: রয়টার্স।

উত্তর কোরিয়া আবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। ক্ষেপণাস্ত্রটি জাপানের উত্তরাঞ্চলীয় আকাশসীমা দিয়ে উড়ে গিয়ে উত্তর প্রশান্ত মহাসাগরে পড়েছে। আজ মঙ্গলবার স্থানীয় সময় সকালে পিয়ংইয়ংয়ের উত্তরাংশ থেকে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়।

মূলত জাপানের উত্তরাংশের দ্বীপ হোক্কাইদো পেরিয়ে তিন টুকরো হয়ে সাগরে পড়ে ক্ষেপণাস্ত্রটি।

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এই ক্ষেপণাস্ত্র হামলাকে ‘নজিরবিহীন হুমকি’ ও ‘জঘন্য কাজ’ বলে মন্তব্য করেছেন। এই ধরনের কাজের ফলে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলেও মন্তব্য করেন তিনি।

চলতি বছর বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এতে যুক্তরাষ্ট্র, জাতিসংঘসহ আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও তোপের মুখে পড়েছে দেশটি। তারপরও থামেনি তারা। গত শনিবার আধা ঘণ্টার ব্যবধানে জাপান সাগরে তিনটি ক্ষেপণাস্ত্র হামলা চালায় উত্তর কোরিয়া। তিনটি প্রচেষ্টাই ব্যর্থ হয়।

এবারের হামলাকে নতুন বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে। জাপানের গণমাধ্যম বলছে, হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।