
নাগরিকের হত্যাকাণ্ড নিয়ে তিক্ততার সৃষ্টি হলেও উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে না বলে গতকাল বৃহস্পতিবার জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক। উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সৎভাই কিম জং-নাম হত্যাকাণ্ডের তদন্ত করা নিয়ে দুই দেশের মধ্যে টানাপোড়েন চলছে।
এদিকে জাতিসংঘ জানিয়েছে, উত্তর কোরিয়ায় থাকা তাদের দুজন মালয়েশীয় কর্মী দেশত্যাগ করেছেন। উত্তর কোরিয়া ও মালয়েশিয়া মঙ্গলবার নিজ নিজ দেশে থাকা অন্য দেশের নাগরিকদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিল।
গত ১৩ ফেব্রুয়ারি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের আন্তর্জাতিক বিমানবন্দরে কথিত গুপ্তঘাতকের হামলায় অসুস্থ হওয়ার অল্প সময় পরই মারা যান কিম জং-নাম। তাঁর মৃত্যুর পেছনে উত্তর কোরিয়া সরকারের হাত থাকতে পারে বলে গোয়েন্দারা সন্দেহ করছেন।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক তাঁর ব্লগে গতকাল এক বিবৃতিতে বলেন, ‘মালয়েশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যকার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে না। একটি সমাধান খুঁজতে তাদের সঙ্গে আমাদের যোগাযোগ চালিয়ে যেতে হবে।’ এ অবস্থানে তাঁর সরকার অবিচল থাকবে।
এ প্রেক্ষাপটে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) কর্মী হিসেবে উত্তর কোরিয়ায় নিযুক্ত দুজন মালয়েশীয় গতকাল বেইজিংয়ে পৌঁছান। প্রধানমন্ত্রী নাজিব রাজাক টুইটারে এ তথ্য নিশ্চিত করে লিখেছেন, ওই দুজন হলেন ডব্লিউএফপির কর্মী স্টেলা লিম ও নয়নাপ্রকাশ মুনিয়ানডে। এটি এখনো পরিষ্কার নয়, উত্তর কোরিয়া ঠিক কী কারণে তাঁদের দেশত্যাগ করতে দিল। জানা গেছে, মালয়েশিয়ার এই দুজন কর্মকর্তার কাছে জাতিসংঘের পাসপোর্ট ছিল। এখনো পিয়ংইয়ং দূতাবাসে রয়েছেন আরও নয়জন মালয়েশীয়।
এক টুইটার বার্তায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক লিখেছেন, উত্তর কোরিয়ায় আটকে পড়া মালয়েশীয়রা দেশত্যাগ করতে না পারলেও তাঁদের প্রাত্যহিক কাজকর্ম করতে পারবেন। উত্তর কোরিয়া সরকার তাঁদের নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে। টুইটার বার্তা থেকে আরও জানা যায়, পিয়ংইয়ংয়ে মালয়েশীয় দূতাবাসের কর্মকর্তা মন্ড নর আজরিনের সঙ্গে প্রধানমন্ত্রী নাজিব টেলিফোনে কথা বলেছেন এবং সেখানকার সব মালয়েশীয় ভালো আছেন।
মালয়েশীয় পুলিশের ধারণা, উত্তর কোরিয়ার কয়েকজন নাগরিক কুয়ালালামপুরে কিম জং-নামকে হত্যা করে পালিয়ে গেছে। মালয়েশিয়ার পুলিশ বলছে, এই হত্যা পরিকল্পনায় একজন উত্তর কোরীয় কূটনীতিক জড়িত বলে তারা সন্দেহ করছে।