উত্তর-পশ্চিম সিরিয়ায় বাশার বাহিনীর সাফল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এত দিন জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) দখলে থাকা উত্তর-পশ্চিম সিরিয়ার কয়েকটি গ্রাম নিয়ন্ত্রণে নিয়েছে সিরিয়ার সরকারি বাহিনী। শনিবার এ কথা জানিয়েছে বেসরকারি টিভি চ্যানেল ইখবারিয়া। চ্যানেলটি বাশার আল-আসাদ সরকারের অনুগত হিসেবে পরিচিত।
সামরিক বাহিনীর একটি সূত্রের বরাত দিয়ে ইখবারিয়া বলেছে, আলেপ্পো প্রদেশে জঙ্গিদের দখলে থাকা বিচ্ছিন্ন বেশ কয়েকটি গ্রাম থেকে তাদের হটিয়ে দিয়েছে সরকারি বাহিনী।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে আলেপ্পোর গ্রামাঞ্চল দিয়ে সেনাবাহিনী ইউফ্রেতিস নদী অভিমুখে অব্যাহতভাবে এগিয়ে গেছে।
তুরস্কের সমর্থনপুষ্ট বিদ্রোহীরা গত মাসে আল-বাবের নিয়ন্ত্রণ নিলেও বাশারের অনুগত সেনারা শহরটির দক্ষিণ ও পূর্বাঞ্চল দিয়ে এগিয়ে যাচ্ছেন। তাঁরা আল বাবের দক্ষিণে আইএসের দখলে থাকা এলাকাগুলো একে একে পুনরুদ্ধার করে বিদ্রোহীদের দক্ষিণমুখী সম্প্রসারণের পথ বন্ধ করে দিচ্ছেন। পাশাপাশি আলেপ্পো শহরে পানি সরবরাহ ব্যবস্থার নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করার পথেও অগ্রসর হচ্ছেন।
এর আগে সিরীয় বিদ্রোহীরা বলেছিল, পশ্চিম আলেপ্পোর কাছের গ্রামাঞ্চলে তাদের শক্তিশালী ঘাঁটিতে সরকারি বাহিনী ও ইরানের মদদপুষ্ট বাহিনীগুলোর বড় ধরনের একটি আক্রমণ রুখে দিয়েছে তারা।
সাম্প্রতিক সময়ে উত্তর-পশ্চিম সিরিয়ায় আইএসের দখলে থাকা এলাকাগুলোতে প্রতিদ্বন্দ্বী তিনটি পৃথক বাহিনী অগ্রগতি অর্জন করেছে। এগুলো হচ্ছে মার্কিন মদদপুষ্ট সিরীয় কুর্দি বাহিনী, তুরস্ক সমর্থিত বিদ্রোহী বাহিনী ও সিরিয়ার সেনাবাহিনী।
প্রচণ্ড লড়াইয়ের পর আল বাবে হেরে গিয়ে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চল থেকে পশ্চাদপসরণ করতে বাধ্য হয় জঙ্গি গোষ্ঠী আইএস। একসময় শহরটি তাদের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত ছিল।