উত্তর প্রদেশে জঙ্গি ডেরায় অভিযানে নিহত এক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বারো ঘণ্টার অভিযান শেষে এক জঙ্গি নিকেশ হলেও ভারতের কপালে ইসলামিক স্টেট (আইএস) গভীর চিন্তার ছাপ ফেলে গেল। গোয়েন্দারা বলছেন, আইএসের জাল যে ভারতে ভালোমতোই বিছানো হয়েছে, মঙ্গলবারের ট্রেনে বিস্ফোরণ ঘটনার পর তা নিয়ে তাদের মনে আর কোনো সংশয় নেই।
মধ্যপ্রদেশে ভোপাল-উজ্জয়িনী প্যাসেঞ্জার ট্রেনের শেষ কামরায় গত মঙ্গলবার এক বিস্ফোরণ ঘটে। তাতে পাঁচ নারীসহ নয়জন আহত হন। কেন্দ্রীয় গোয়েন্দাদের তথ্য ও সূত্র ধরে মধ্যপ্রদেশের পাশাপাশি উত্তর প্রদেশেও তল্লাশি শুরু হয়। মধ্যপ্রদেশের পিপারিয়া থেকে গ্রেপ্তার হয় তিন যুবক: দানিশ আখতার, আতিফ মুজফফর ও সৈয়দ হুসেন। ধৃতরা সবাই উত্তর প্রদেশের কানপুর ও আলীগড়ের বাসিন্দা। তাদের জেরা করে কয়েক ঘণ্টার মধ্যেই কানপুর থেকে আরও দুই যুবককে পুলিশ গ্রেপ্তার করে। এরপর শুরু হয় লক্ষ্ণৌ অভিযান।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জেরা করে জানা যায় সাইফুল্লাহ নামের এক যুবকের সন্ধান। লক্ষ্ণৌয়ের ঠাকুরগঞ্জের হাজি কলোনিতে তার ডেরায় দুপুরেই হানা দেন সন্ত্রাস দমন শাখার কমান্ডোরা। এক তলা ওই বাড়িটি জঙ্গিরা ভাড়া নিয়েছিল যাঁর কাছ থেকে, তিনি পশ্চিম এশিয়ায় কর্মরত। কমান্ডোদের ধারণা ছিল, বাড়িতে দুজন জঙ্গি লুকিয়ে রয়েছে। তাদের জীবিত অবস্থায় ধরাই ছিল লক্ষ্য। কিন্তু বারো ঘণ্টার অভিযান শেষে একজনকেই মৃত অবস্থায় পাওয়া যায়। বাড়ি থেকে পাওয়া যায় আটটি পিস্তল, প্রচুর গুলি, ট্রেনের সময়সূচি, সোনা, পাসপোর্ট, সিম কার্ড এবং আইএসের পতাকা। গোয়েন্দা ও কমান্ডোদের দাবি, মধ্যপ্রদেশে ট্রেনে যে ধরনের বিস্ফোরক ব্যবহৃত হয়েছে তা ওই বাড়িতে মজুত ছিল। সাইফুল্লাহর বাবা সারতাজ ছেলের লাশ নিতে অস্বীকার করেছেন। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, একজন ‘দেশদ্রোহী ও সন্ত্রাসী’ তাঁর সন্তান হতে পারে না।
গোয়েন্দা সূত্রের দাবি, ধৃতরা সবাই আইএসের সক্রিয় সদস্য। তাদের দলে রয়েছে মোট নয়জন। বাকিদের জন্য তল্লাশি চলছে। গোটা ঘটনার তদন্ত করছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। এই সংস্থার সূত্রে বলা হয়েছে, মঙ্গলবারের ট্রেন বিস্ফোরণটা তাদের কাছে ছিল এক বড় ধরনের নাশকতার মহড়া। তারা উত্তর প্রদেশের বরাবাঁকির এক প্রসিদ্ধ সুফি দরগায় বড় ধরনের বিস্ফোরণের ছক কষেছিল। এ জন্য যে ধরনের বিস্ফোরক জোগাড় করা হয়েছিল, তা ঠিকমতো কাজ করছে কি না জানতেই ট্রেনে ছোট আকারে বিস্ফোরণ ঘটানো হয়। পুলিশ ও গোয়েন্দারা কালক্ষেপ না করে সিসিটিভির সাহায্য নিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। এনআইয়ের দাবি, আতিফ মুজফফরই ভারতে আইএসের এই গ্রুপটির মাথা।