উত্তরাধিকার খুঁজছেন ধনকুবের!

বাবার সম্পত্তি একসময় কে না নিতে চায়! এ নিয়ে আপনজন এমনকি বাবার সঙ্গে বিবাদের ঘটনাও নতুন নয়। কিন্তু বিশ্বের একজন সেরা ধনকুবেরের সম্পত্তির কানাকড়িও নিতে চান না তাঁর ছেলে। এমনকি তা দেখভালও করতে চান না। এ নিয়ে বেশ ঝামেলায় পড়েছেন ওই ধনকুবের। একসময় এই ধন থাকবে, কিন্তু তার কুবের থাকবে না, তা কি হয়! এ কারণেই একমাত্র ছেলের প্রতি হতাশ হয়ে এখন চীনের ধনকুবের ওয়াং জিয়ানলিন হন্যে হয়ে খুঁজছেন সম্পত্তির উত্তরাধিকার।
এনডিটিভি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের ৬২ বছর বয়সী ধনকুবের ওয়াং জিয়ানলিনের সম্পত্তির পরিমাণ প্রায় ৭৩ হাজার কোটি টাকা (৯ হাজার ২০০ কোটি ডলার)। কোটিপতি বাবার এই সম্পত্তি নিতে অনীহা প্রকাশ করেছে তাঁর ছেলে। এ কারণেই অসহায় এই বাবা এখন সম্পত্তির উত্তরাধিকার খুঁজছেন। তবে পুরো ব্যবসা যাতে চালিয়ে নিতে পারে, এমন প্রফেশনাল ব্যবস্থাপক খোঁজার দিকে ঝোঁক ওয়াংয়ের।
ওয়াং জিয়ানলিন চীনের দালিয়ান ওয়ান্দা গ্রুপ কোম্পানির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। তাঁর অনেক ব্যবসার মধ্যে রয়েছে শপিং মল, থিম পার্ক, স্পোর্টস ক্লাব ও সিনেমা হল।
চীনের এই ধনকুবের ভারত সফর করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সে সময় তিনি হরিয়ানায় চীনের একটি প্রকল্পে এক হাজার কোটি ডলার বিনিয়োগ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
সম্প্রতি চীনের উদ্যোক্তাদের একটি সম্মেলনে হংকংয়ের ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’কে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াং বলেছেন, ‘আমি আমার ছেলেকে উত্তরাধিকারী হওয়ার ব্যাপারে জানিয়েছিলাম। কিন্তু সে আমার মতো জীবন যাপন করতে চায় না। সম্ভবত এখনকার তরুণেরা তাঁদের নিজেদের ইচ্ছামতো চলে। তাই সবকিছু প্রফেশনাল ব্যবস্থাপকের হাতে ছেড়ে দেওয়াই এখন ভালো। তাঁরা পুরো প্রতিষ্ঠান চালাবে। আর আমরা বসে দেখব।’
সাংহাই জিয়াওতোং বিশ্ববিদ্যালয়ের একটি জরিপে বলা হয়েছে, চিনের তরুণদের ৮০ শতাংশই তাঁদের মা-বাবার সম্পত্তির উত্তরাধিকারী হতে চান না। ওই সব তরুণ চীনের নামকরা প্রতিষ্ঠানের মালিকের সন্তান। চীনে এ রকম প্রায় ১৮২টি নামকরা প্রতিষ্ঠান রয়েছে।